৯৮১ দিন পর ব্রাজিলের জার্সি পরে মাঠে নেমে কাঁদলেন নেইমার
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৫ জুন ২০২৬, ১৩:০৩ আপডেট : ২৫ জুন ২০২৬, ১৩:০৯

অবশেষে দেখা মিলল তাঁর। অবশেষে ব্রাজিলের জার্সি পরে মাঠে নামলেন তিনি। ৯৮১ দিন পর। এ বারের বিশ্বকাপে নেইমারকে আদৌ দেখা যাবে কি না, তা নিয়ে সংশয় ছিল। অবশেষে মাঠে নামলেন নেইমার। খেলতে নেমে আবেগ ধরে রাখতে পারলেন না তিনি। কেঁদে ফেললেন। খেলা শেষে জানালেন, খুব চিন্তায় ছিলেন তিনি।
স্কটল্যান্ডের বিরুদ্ধে প্রথম একাদশে ছিলেন না নেইমার। কিন্তু পরিবর্ত ফুটবলারদের তালিকায় তাঁর নাম দেখে একটা ইঙ্গিত মিলেছিল। ম্যাচের ৬৫ মিনিটের মাথায় দেখা যায়, বেঞ্চ থেকে বেরিয়ে ওয়ার্ম আপ করছেন নেইমার। তখনই চিৎকার শুরু করে দেন ব্রাজিলের সমর্থকেরা। শেষে ৭৬ মিনিটের মাথায় পরিবর্ত হিসাবে মাঠে নামেন নেইমার। মায়ামির স্টেডিয়ামে তখন চিৎকারে কান পাতা দায়।
৯৮১ দিন পর মাঠে নেমে খুব বেশি কিছু করতে হয়নি নেইমারকে। তখন দল ৩-০ গোলে এগিয়ে। ফলে চাপ পড়েনি তাঁর উপর। হাসতে হাসতে স্কটল্যান্ডকে হারিয়ে গ্রুপ শীর্ষে থেকে নকআউটে গিয়েছে ব্রাজিল।
কিন্তু খেলা শেষে দেখা গেল নেইমারের আবেগ। সতীর্থেরা যখন তাঁকে এসে জড়িয়ে ধরছেন, গ্যালারিতে তাঁর নাম ধরে চিৎকার হচ্ছে, তখন দেখা গেল, জার্সিতে মুখ লুকিয়ে কাঁদছেন নেইমার। এত দিন পর দেশের জার্সিতে নেমে নিজের আবেগ ধরে রাখতে পারেননি ব্রাজিলের হয়ে সবচেয়ে বেশি ৭৯ গোল করা ফুটবলার। মাঠে ছিলেন নেইমারের পরিবারের সদস্যেরাও। খেলা শেষে তাঁরা মাঠে নেমে আসেন। পরিবারের সঙ্গে দলের জয়ের উল্লাসে মাতেন নেমার।
দীর্ঘদিন চোটের কারণে মাঠের বাইরে থাকলেও নেইমারকে দলে রেখেছেন ব্রাজিলের কোচ কার্লো আনচেলোত্তি। তিনি জানেন, ১৬ বছর ধরে ব্রাজিলের হয়ে ১২৯ ম্যাচ খেলা নেইমারকে প্রয়োজন পড়বে তাঁর। তবে নেইমারকে খেলানো নিয়ে তাড়াহুড়ো করেননি আনচেলোত্তি। ধীরে ধীরে তাঁকে ম্যাচফিট করে তুলছেন কোচ।
এত দিন পরে দেশের জার্সি গায়ে নামার আগে চিন্তায় ছিলেন নেইমার। খেলা শেষে তিনি বলেন, “হৃদ্স্পন্দন বেড়ে গিয়েছিল। খুব চিন্তায় ছিলাম। কিন্তু এখন খুব খুশি। সব ভাল ভাবে হয়েছে। জিতেছি। দলকে নিয়ে গর্বিত।” এ বার প্রতিটি ম্যাচে মরণ-বাঁচন। সেই লড়াইয়ে নামার আগে নেইমারের প্রত্যাবর্তন ব্রাজিলের আত্মবিশ্বাস বাড়াবে।
বাংলাদেশ জার্নাল/জে










