ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ আপডেট : ২৯ মিনিট আগে
শিরোনাম

বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের ব্যবস্থা করা হয়েছে

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২০ মার্চ ২০২২, ১৭:০৭

বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের ব্যবস্থা করা হয়েছে
স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম

ঢাকা দুই সিটিসহ গাজীপুর, চট্টগ্রাম ও নারায়নগঞ্জ সিটি কর্পোরেশনে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের শুরুর ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম।

রোববার রাজধানীর সিরড্যাপ মিলতায়নে আয়োজিত ‘কঠিন বর্জ্য ব্যবস্থাপনা তথ্য শেয়ারিং’ বিষয়ক এক সভায় এ কথা জানান তিনি।

বর্জ্য সকল দেশের জন্যই একটি চ্যালেঞ্জ উল্লেখ করে তিনি বলেন, বর্জ্যকে একটি সুষ্ঠু ব্যবস্থাপনায় আনতে স্থানীয় সরকার বিভাগের নেতৃত্বে কাজ চলছে। ইতোমধ্যে প্রধানমন্ত্রীর অনুমোদন নিয়ে ঢাকা দুই সিটি কর্পোরেশন, গাজীপুর, চট্টগ্রামে, নারায়নগঞ্জ সিটি কর্পোরেশনে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের শুরুর ব্যবস্থা করা হয়েছে। পর্যায়ক্রমে সকল সিটি কর্পোরেশন এবং জেলা-উপজেলা ও পৌরসভাতেও বর্জ্য থেকে বিদ্যুৎ করা হবে। উন্নত বিশ্ব যেভাবে বর্জ্য কালেকশন করে ইনসিনারেশনের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করছে, সেই ফর্মুলা ফলো করেই আমাদের দেশেও কাজ করা হচ্ছে।

মানুষের সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি বর্জ্য উৎপাদন বৃদ্ধি পেয়েছে উল্লেখ করে তাজুল ইসলাম বলেন, দেশে অতীতে যে পরিমাণ বর্জ্য উৎপাদন হতো তার পরিমাণ বহুগুণ বেড়েছে। কারণ মানুষের অর্থনৈতিক সক্ষমতা বেড়েছে। মানুষের আয় বাড়লে ভোগ বাড়বে এটাই স্বাভাবিক। আর ভোগ বাড়লে ময়লা-আবর্জনাও বৃদ্ধি পাবে। নদী-নালা, খাল-বিল, লেক ও খালসহ যত্রতত্র ময়লা আবর্জনা ফেলা থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, গ্রামেও এখন প্রচুর ময়লা- আবর্জনা উৎপন্ন হয়। গৃহস্থলী, শিল্প-কলকারখানা, কনস্ট্রাকশন বর্জ্য, মেডিকেল বর্জ্য। ময়লা-আবর্জনাতে ক্ষতিকারক অনেক উপাদান থাকে যা মানুষের স্বাস্থ্য হানিকর হতে পারে। বিশেষ করে মেডিকেল বর্জ্য।

স্থানীয় সরকার বিভাগের সচিব হেলালুদ্দীন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি।

বাংলাদেশ জার্নাল/কেএস/এমএস

  • সর্বশেষ
  • পঠিত