ঢাকা, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ আপডেট : ৩০ মিনিট আগে
শিরোনাম

লালমনিরহাটে বিড়ি শ্রমিকদের সড়ক অবরোধ

  লালমনিরহাট প্রতিনিধি

প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৪, ২১:৪৩

লালমনিরহাটে বিড়ি শ্রমিকদের সড়ক অবরোধ
চার দফা দাবিতে বুড়িমারী মহাসড়ক অবরোধ করেন আকিজ বিড়ি ফ্যাক্টরি শ্রমিকরা। ছবি: প্রতিবেদক

চার দফা দাবিতে মহাসড়ক অবরোধ করেছেন আকিজ বিড়ি ফ্যাক্টরি শ্রমিকরা। বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুরে লালমনিরহাটে আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ি ইউনিয়নের আকিজ বিড়ি ফ্যাক্টরি এলাকায় লালমনিরহাট বুড়িমারী মহাসড়ক অবরোধ করেন বিক্ষুব্ধ শ্রমিকরা।

অবরোধকারী শ্রমিকরা জানান, মজুরি কম দেয়াসহ নানাভাবে শ্রমিকদের হয়রানি করে আসছে আকিজ বিড়ি ফ্যাক্টরির ম্যানেজার আবু তাহের ও চেকার রাসেল। ঠুনকো অজুহাতে শ্রমিক ছাঁটাইয়ের নাম করে শ্রমিকদের বাদ দেয়ার হুমকি দেয়া হয়। শ্রমিকদের নানা সময় অত্যাচার ও নানান অজুহাতে চাকরি থেকে অব্যাহতি প্রদান করা হয়। একই সাথে পরিশ্রমের সঠিক মূল্য না দেয়া এবং ম্যানেজারের অশোভন আচরণে উত্তপ্ত হয়ে উঠেছে কারখানার শ্রমিকরা।

এ কারণে মজুরি বৃদ্ধিকরণ ও ম্যানেজার চেকারের পদত্যাগের দাবিতে বুড়িমারী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকরা। এতে মহাসড়কের উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়ে। অবশেষে খবর পেয়ে স্থানীয় জনপ্রতিনিধিদের নিয়ে থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। শ্রমিকদের দাবির বিষয়ে আকিজ বিড়ি ফ্যাক্টরির মালিক পক্ষের সাথে বসে আলোচনা করে দাবি মেনে নেয়ার আশ্বাস দিলে শ্রমিকরা কাজে ফিরে যান।

সাপ্টিবাড়ী ইউনিয়ন পরিষদ প্যানেল চেয়ারম্যান হাফিজুর রহমান হাফিজ বলেন, শ্রমিকদের ন্যায় সঙ্গত দাবি আদায়ে আমরা তাদের সাথে রয়েছি। কর্তৃপক্ষের সাথে কথা বলে বিষয়টি নিষ্পত্তি করা হবে। এমন আশ্বাস দিলে শ্রমিকরা কাজে ফিরেছে।

শ্রমিকদের এসব অভিযোগ অস্বীকার করে আকিজ বিড়ি কারখানা ম্যানেজার আবু তাহের বলেন, মালিক পক্ষ যে মজুরি প্রদান করছে সেই মজুরি শ্রমিকদের দেয়া হচ্ছে। আর কোন ধরনের অত্যাচার তাদের উপর করা হয়নি।

বাংলাদেশ জার্নাল/এমপি

  • সর্বশেষ
  • পঠিত