ঢাকা, শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ আপডেট : ২ ঘন্টা আগে
শিরোনাম

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ভাষা সংগ্রামী আহমদ রফিক

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩২  
আপডেট :
 ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪৪

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ভাষা সংগ্রামী আহমদ রফিক
ভাষা সংগ্রামী আহমদ রফিক। ছবি: সংগৃহীত

হাসপাতালে চিকিৎসাধীন ভাষা সংগ্রামী ও গবেষক আহমদ রফিকের স্বাস্থ্য পরিস্থিতি গুরুতর অবস্থায় পৌঁছেছে। তার চোখের আলো নিভে গেছে, এবং শারীরিক জটিলতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে তিনি জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে আছেন।

হাসপাতালের পরিচালক ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. লেলিন চৌধুরী গণমাধ্যমকে বলেন, “আহমদ রফিক এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে আছেন। দুচোখের আলো নিভে গেছে। ডাকলে সাড়া দেন, কথা বলেন। কিন্তু তার কথা বোঝা যায় না।”

গত ১১ সেপ্টেম্বর হেলথ এন্ড হোপ হাসপাতালে ভর্তি হওয়ার আগে তিনি এক মাসে দুই দফা ল্যাবএইড হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। ১২ সেপ্টেম্বর হাসপাতালের বিছানায় শুয়েই তার ৯৭তম জন্মবার্ষিকী উদযাপন হয়।

ডা. লেলিন চৌধুরী আরও জানান, “তিনি জীবন এবং মৃত্যুর মাঝে ঘোরতর যুদ্ধরত। ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, ক্রনিক কিডনি ফেইলিওর, আলঝেইমার্স রোগ, পারকিনসন্স রোগ, ইলেকট্রোলাইটস ইমব্যালেন্স, বেডশোর, ফুসফুসের সংক্রমণে ভুগছেন।”

আহমদ রফিকের জন্ম ১৯২৯ সালের ১২ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়ার শাহবাজপুর গ্রামে। মুন্সিগঞ্জের হরগঙ্গা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করার পর রসায়নে পড়তে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। পরে আবাসিক সুবিধা না পাওয়ায় তিনি ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হন।

১৯৫২ সালে তৃতীয় বর্ষে পড়ার সময় তিনি ফজলুল হক হল, ঢাকা হল এবং মিটফোর্ডের ছাত্রদের সঙ্গে সংযোগ রক্ষা করে আন্দোলনমূলক কাজ করেছেন। ১৯৫৪ সালে ঢাকা মেডিকেল কলেজের ছাত্র আন্দোলনের সময় তার নামে একমাত্র গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। ১৯৫৫ সালের শেষে তিনি প্রকাশ্যে ফিরে পড়াশোনা সম্পন্ন করেন। এমবিবিএস ডিগ্রি লাভের পরও চিকিৎসক হিসেবে পেশা গ্রহণ করেননি।

১৯৫৮ সালে তার প্রথম প্রবন্ধের বই ‘শিল্প সংস্কৃতি জীবন’ প্রকাশিত হয়। পরবর্তী জীবনে লেখালেখিতেই তিনি সময় কাটান। আহমদ রফিক পেয়েছেন একুশে পদক, বাংলা একাডেমি পুরস্কার, রবীন্দ্রত্ত্বাচার্য উপাধিসহ আরও নানা সম্মাননা।

বাংলাদেশ জার্নাল/এনএম

  • সর্বশেষ
  • পঠিত