ঢাকা, শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ আপডেট : ২ মিনিট আগে
শিরোনাম

পপগুরু আজম খানের ১৫তম মৃত্যুবার্ষিকী

আজম খানের স্মরণে বিশেষ আয়োজন

  বিনোদন ডেস্ক

প্রকাশ : ০৫ জুন ২০২৬, ১৫:৫৪

আজম খানের স্মরণে বিশেষ আয়োজন
ছবি: সংগৃহীত

আজ পপগুরু আজম খানের ১৫তম মৃত্যুবার্ষিকী।

শুক্রবার (৫ জুন) চ্যানেল আইয়ে থাকছে এই নিয়ে বিশেষ আয়োজন।

সন্ধ্যা ৬টায় প্রচার হবে ‘ট্রিবিউট টু গুরু আজম খান’ নামের অনুষ্ঠান। এতে অংশ নেবে আজম খানের প্রতিষ্ঠিত ব্যান্ড 'উচ্চারণ'।

‘উচ্চারণ’ ফিরেছে আজম খানের পুরোনো সঙ্গীদের হাত ধরেই। দুলাল জোহা, পিয়ারু খান, পার্থ মজুমদারসহ একদল অভিজ্ঞ সংগীতশিল্পী আবারও এক হয়েছেন ‘উচ্চারণকে’ নতুনভাবে মঞ্চে আনতে।

ব্যান্ডের নতুন লাইনআপে রয়েছেন দুলাল জোহা (ভোকাল ও রিদম গিটার), পিয়ারু খান (ভোকাল ও পারকেশান), সেকান্দার আহমেদ খোকা (বেজ গিটার), পার্থ মজুমদার (লিড গিটার), প্রেম (কিবোর্ড) এবং বাপ্পী (ড্রামস)।

অনুষ্ঠানে পরিবেশিত হবে আজম খানের কালজয়ী বেশ কয়েকটি শ্রোতাপ্রিয় গান। পাশাপাশি ব্যান্ড সদস্যরা শোনাবেন ‘উচ্চারণের’ দীর্ঘ পথচলার গল্প, বিভিন্ন গানের পেছনের স্মৃতি এবং আজম খানের সঙ্গে কাটানো সময়ের অভিজ্ঞতা।

অপু মাহফুজের উপস্থাপনায় অনুষ্ঠানটি পরিচালনা করেছেন ইফতেখার মুনিম।

এছাড়া শনিবার দুপুর সাড়ে ১২টায় নিয়মিত অনুষ্ঠান ‘তারকাকথন’ এর পর্বটি সাজানো হয়েছে আজম খানকে ঘিরে।

বিশেষ এই পর্বে উপস্থিত থাকবেন আজম খানের ছোট মেয়ে অরণী খান, উচ্চারণ ব্যান্ডের সাবেক সদস্য ফিডব্যাকের ফোয়াদ নাসের এবং উচ্চারণ ব্যান্ডের গিটারিস্ট সংগীত পরিচালক পার্থ মজুমদার।

ইফতেখার মুনিমের প্রযোজনায় ‘তারকাকথনের’ বিশেষ এই পর্বটি উপস্থাপনা করবেন ইফফাত আরা ইরা।

আজিমপুরে ১৯৫০ সালের ২৮ ফেব্রুয়ারি জন্ম আজম খানের। তার পুরো নাম মোহাম্মদ মাহবুবুল হক খান। ২০১১ সালের ৫ জুন ক্যান্সারের কাছে হার মেনে অনন্তলোকে পাড়ি দেন এই তারকা।

তার কণ্ঠে ‘আলাল দুলাল’, ‘যে মেয়ে চোখে দেখে না’, ‘প্রেম চিরদিন দূরে দূরে এক হয়ে থাক না’, ‘আমার বঁধুয়া কী গাইতে জানে গান’ এমন সব গান জনপ্রিয় হয়ে উঠেছিল।

আজম খানের কণ্ঠে জনপ্রিয় হওয়া আরও কিছু গান হল ‘এত সুন্দর দুনিয়ায় কিছুই রবে না রে’, ‘চার কলেমা সাক্ষী দেবে’ ‘আসি আসি বলে তুমি আর এলে না’, ‘হারিয়ে গেছে খুঁজে পাব না’, ‘অভিমানী’, ‘অনামিকা’, ‘পাপড়ি’, ‘জ্বালা জ্বালা’, ‘ও চাঁদ সুন্দর’।

বাংলাদেশ জার্নাল/এসআইপি

  • সর্বশেষ
  • পঠিত