মানিকগঞ্জে সংঘবদ্ধ হামলা চালিয়ে যুবককে কুপিয়ে হত্যা
জার্নাল ডেস্ক
প্রকাশ : ৩১ মে ২০২৬, ১৬:০৪

মানিকগঞ্জ সদর উপজেলায় শতাধিক ব্যক্তি সংঘবদ্ধ হামলা চালিয়ে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।
শনিবার রাত ৩টার দিকে সদর উপজেলার পুটাইল ইউনিয়নের উত্তর পুটাইল গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান মানিকগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আব্দুল্লাহ আল মাছুম।
নিহত মো. সজিব মিয়া (২৯) উত্তর পুটাইল গ্রামের মুনসের আলীর ছেলে ।
স্থানীয়দের বরাতে অতিরিক্ত পুলিশ সুপার মাছুম বলেন, ‘‘শনিবার রাতে সজিব উত্তর পুটাইল এলাকার একটি বাড়িতে অবস্থান করছিলেন। রাত দেড়টার দিকে শতাধিক ব্যক্তি ওই বাড়িতে হামলা চালায়।
হামলাকারীরা সজিবকে ধারালো অস্ত্র দিয়ে কোপালে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ পুলিশ কর্মকর্তা আরও বলেন, ‘‘স্থানীয়দের দাবি সজিবের বিরুদ্ধে ডাকাতি ও মাদকসহ বিভিন্ন ‘সন্ত্রাসী টাইপের’ কর্মকাণ্ডের অভিযোগ ছিল। পূর্ব শত্রুতার জের ধরে তাকে ‘মব করে’ হত্যা করা হয়েছে।’’
খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় আইনগত বিষয় প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ জার্নাল/এনএম










