ঢাকা, শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ আপডেট : ৮ মিনিট আগে
শিরোনাম

জলবায়ু কর্মীদের হতে হবে বিজ্ঞানমনস্ক: তথ্যমন্ত্রী

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ০৫ জুন ২০২৬, ২০:০৩

জলবায়ু কর্মীদের হতে হবে বিজ্ঞানমনস্ক: তথ্যমন্ত্রী

জলবায়ু সংকট নিয়ে যারা কাজ করছেন, তাদের বিজ্ঞানমনস্ক হওয়ার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, বিজ্ঞানমনস্ক ব্যক্তি ছাড়া ভবিষ্যত পৃথিবীর অনিবার্য সংকট সম্পর্কে সুস্পষ্ট ধারণা গ্রহণ করা সম্ভব নয় এবং সেই বিষয়ে উদ্বিগ্নও হবেন না। কারণ, কেউ সংকটকে না দেখলে উদ্বিগ্ন কেন হবে?

শুক্রবার (৫ জুন) বিশ্ব পরিবেশ দিবসে ঢাকার আগারগাঁওয়ে জাতীয় গ্রন্থাগার মিলনায়তনে জলবায়ু বিষয়ক চলচ্চিত্র উৎসবে একথা বলেন মন্ত্রী। প্রথমবারের মতো এই আয়োজন করেছে ‘জিটিডি মিডিয়া প্রোডাকশন’।

বিশ্বের কোনো কোনো দেশের সরকারপ্রধান জলবায়ু সমস্যাকে ‘সংকট মনে করে না’ বলে মন্তব্য করেন তথ্যমন্ত্রী।

তিনি বলেন, অনেক বললে ভুল হবে, কেউ কেউ এটাকে সংকট বলে মনে করেন না। যেহেতু এই সংকট সাদা চোখে দেখা যায় না, জলবায়ু পরিবর্তনের সমস্যাকে অনেক গুরুত্বপূর্ণ বৈশ্বিক দায়িত্বশীল নেতা হওয়া সত্ত্বেও তারা এটিকে মানছেন না। আমরা খেয়াল করেছি জলবায়ু পরিবর্তন সংক্রান্ত উদ্যোগ ও এগুলো পরিচালনার তহবিল এবং তহবিলের দাতাদের মধ্যে কেউ কেউ বিভ্রান্তির মধ্যে আছেন।

মন্ত্রী বলেন, নীতিনির্ধারকরা যদি বৈজ্ঞানিক পদ্ধতিতে আস্থা না রাখেন, বৈজ্ঞানিক পদ্ধতিতে সমস্যা চিহ্নিত করার প্রক্রিয়াকে স্বীকৃতি না দেন, তাহলে সঙ্গত কারণেই এই সমস্যাকে সাদা চোখে দেখতে পাবেন না। তাই তারা জলবায়ু সংকটকে অস্বীকার করতে পারেন। সাদা চোখে আমরা কি করোনার জীবাণু দেখেছিলাম? পৃথিবীর কেউ দেখে নাই। হাতেগোনা কয়েকজন জীব বিজ্ঞানী ছাড়া করোনা কেউ দেখে নাই। সাদা চোখে দেখা যায়নি। তাই বলে করোনার অভিশাপ থেকে আমাদের পৃথিবী রক্ষা পায়নি। যা ক্ষতি হয়েছে তার চেয়ে বেশি ক্ষতি হয়ে যেত। যা ঠেকানো গেছে, বৈজ্ঞানিক পদ্ধতির কারণেই ঠেকানো গেছে।

জলবায়ু বিষয়ক চলচ্চিত্র উৎসবের আয়োজকদের উদ্দেশে জহির উদ্দিন স্বপন বলেন, জলবায়ু সংকট সমাধানে এটাকে সামাজিক আন্দোলন হিসেবে গ্রহণ করেননি। সবচেয়ে প্রভাবশালী মাধ্যমে হিসেবে বেছে নিয়েছেন চলচ্চিত্রকে। এই মাধ্যমে খুব দ্রুত মানুষ মনোজগতে একটি সিদ্ধান্তের দিকে নিয়ে যেতে পারে। একমাত্র চলচিত্রের মাধ্যমে মানুষের চিন্তাকে দ্রুত প্রভাবিত করা যায়।

অনুষ্ঠানে সিঙ্গাপুর হাই কমিশনের মিশনের দ্বিতীয় সচিব (ভিসা ও কনসুলার) জয়নাব আলী আমদানসহ ঢাকায় বিভিন্ন দেশের কূটনৈতিক প্রতিনিধি, পরিবেশবিদ, গবেষক, চলচ্চিত্র নির্মাতারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ জার্নাল/সিএম

  • সর্বশেষ
  • পঠিত