ঢাকা, রোববার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ আপডেট : ৩৯ মিনিট আগে
শিরোনাম

সন্ত্রাসের পক্ষে কাজ করলে সাংবাদিক হলেও ব্যবস্থা: সংসদে তথ্য প্রতিমন্ত্রী

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ০৭ জুন ২০২৬, ২১:৫১  
আপডেট :
 ০৭ জুন ২০২৬, ২১:৫৪

সন্ত্রাসের পক্ষে কাজ করলে সাংবাদিক হলেও ব্যবস্থা: সংসদে তথ্য প্রতিমন্ত্রী

গণতন্ত্রবিরোধী কর্মকাণ্ড, সন্ত্রাস বা আইনের পরিপন্থি কাজে জড়িত থাকলে সাংবাদিকদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ার করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী।

তিনি বলেছেন, গণমাধ্যমের স্বাধীনতা রয়েছে। তবে দেশের প্রচলিত আইন অনুযায়ী যারা গণতন্ত্র সমুন্নত রাখার বিপক্ষে কাজ করবে, গণতন্ত্র ধুলিসাৎ করার কাজ করবে, কোনো সন্ত্রাসের কাজ করবে, সে যেই হোক, আইনের ঊর্ধ্বে না।

রোববার (৭ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশনের প্রথম দিনে প্রশ্নোত্তর পর্বে কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহর এক সম্পূরক প্রশ্নের জবাবে ইয়াসির খান এসব কথা বলেন।

হাসনাত তার প্রশ্নে বলেন, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা প্রয়োজন হলেও অতীতে কিছু সাংবাদিক ও গণমাধ্যম গুম, খুন, ভোটচুরি, ব্যাংক ডাকাতি ও গণহত্যার বৈধতা দিয়েছে এবং সেসব কর্মকাণ্ডের পক্ষে জনমত তৈরির কাজ করেছে।

কিছু গণমাধ্যম ও সাংবাদিকের নাম উল্লেখ করে তিনি জানতে চান, তাদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে কি না এবং কেন তাদের কেউ কেউ বিভিন্ন প্রতিষ্ঠানে পুনর্বাসিত হচ্ছেন।

জবাবে প্রতিমন্ত্রী বলেন, আমাদের বন্ধু ও বিরোধী দলের সদস্য একটি প্রশ্ন করলেন না, কয়েকটি প্রশ্ন করলেন। সেটি যেই সাংবাদিক হোক, পলিটিশিয়ান হোক, বিজনেসম্যান হোক, চাকরিজীবী হোক, আইনের ঊর্ধ্বে তো কেউই না। কেউ যদি আইনের বিপক্ষে কাজ করে, তার বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে।

অধিবেশনে নেত্রকোণা-৩ আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম হিলালী অনলাইন জুয়া ও সাইবার অপরাধ নিয়ে অনুসন্ধান করতে গিয়ে সাংবাদিকদের নিরাপত্তা ঝুঁকির বিষয়টি তুলে ধরেন।

জবাবে ইয়াসির খান চৌধুরী বলেন, অনলাইন ও ডিজিটাল মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের জন্য নীতিমালা হালনাগাদের কাজ চলছে। তাদের স্বীকৃতি, নিবন্ধন এবং পেশাগত নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা প্রণয়ন করা হচ্ছে।

নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য জয়নুল আবদীন ফারুক সামাজিক যোগাযোগ মাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্মে সাংবাদিক পরিচয়ে ‘অপতৎপরতার’ অভিযোগ করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি তোলেন।

জবাবে প্রতিমন্ত্রী বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুল ও অপতথ্য ছড়ানোর বিষয় পর্যবেক্ষণে একটি টিম কাজ করছে। যারা সাংবাদিক হিসেবে নিবন্ধিত নয়, কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে, তাদের বিষয়েও নজরদারি করা হচ্ছে।

কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান প্রশ্ন করেন, অনলাইন পোর্টালের নিবন্ধন ও অনুমোদনের জন্য কোনো নীতিমালা আছে কি না।

জবাবে প্রতিমন্ত্রী বলেন, নতুন অনলাইন পোর্টাল ও ডিজিটাল গণমাধ্যমের অনুমোদনের জন্য একটি নীতিমালা প্রণয়নের কাজ চলছে। এই নীতিমালার আলোকেই ভবিষ্যতে সব অনলাইন মিডিয়া ও অনলাইন পোর্টালকে অনুমতি দেওয়া হবে।

বাংলাদেশ জার্নাল/সিএম

  • সর্বশেষ
  • পঠিত