ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ আপডেট : কিছুক্ষণ আগে
শিরোনাম

ইসলামী ব্যাংক ‘ইসলাম নয়’: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ০৯ জুন ২০২৬, ২১:৩২  
আপডেট :
 ০৯ জুন ২০২৬, ২১:৩৮

ইসলামী ব্যাংক ‘ইসলাম নয়’: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

ইসলামী ব্যাংক বাংলাদেশ নিয়ে ধর্মীয় আবেগ ব্যবহার না করার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার (৯ জুন) জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের নোটিসের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, ইসলামী ব্যাংক ইসলাম নয়। আমাদের জনাব মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয়। জামায়াতে ইসলামীও ইসলাম নয়।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সুতরাং সবকিছুতে ইসলামের ওপর হাত দেবেন না, দোহাই দেওয়া কিন্তু ঠিক নয়।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদের বৈঠকে ইসলামী ব্যাংক নিয়ে বিরোধী দলীয় নেতা মোহাম্মদ শফিকুর রহমান কার্যপ্রণালী বিধির ৬৮ অনুযায়ী নোটিস দেন।

নোটিসে ইসলামী ব্যাংকের শেয়ার প্রকৃত মালিকদের কাছে ফেরত দেওয়া এবং ব্যাংকটির ব্যবস্থাপনায় অনভিপ্রেত হস্তক্ষেপ বন্ধের দাবি জানান জামায়াতে ইসলামীর আমির।

এর ওপর আলোচনায় অংশ নিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, জামায়াতে ইসলামী ইসলামী ব্যাংকের মালিকানা দাবি করেনি; তারা ব্যাংকটিকে ন্যায়নীতির পথে ফেরানোর কথা বলেছে। ওই ন্যায়নীতির পথে ফেরত আসার জন্যই বাংলাদেশ ব্যাংক ব্যবস্থা গ্রহণ করবে।

তিনি বলেন, আমরা জামায়াতে ইসলামীর দুঃখ বুঝব না।

এ সময় কৃষ্ণচন্দ্র মজুমদারের কবিতা উদ্ধৃত করে সালাহউদ্দিন আহমদ বলেন, ওই আছে না, ‘চিরসুখীজন ভ্রমে কি কখন…‍বুঝিতে পারে? কী যাতনা বিষে…।

ইসলামী ব্যাংকে চেয়ারম্যান নিয়োগ নিয়ে ‘গ্রাহক ফোরাম’ নামে ব্যানারে একদল লোক মতিঝিলে ইসলামী ব্যাংকের কার্যালয়ের সামনে কয়েকদিন বিক্ষোভ করে।

ইসলামী ব্যাংকের শেয়ারগুলো ‘ডাকাতি করে কিনে নেওয়া হয়েছে’ বলে বিরোধী দলের উপনেতার বক্তব্যের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ইবনে সিনার (হাসপাতাল) দুই পারসেন্ট শেয়ার ছিল, ব্লক মার্কেটে তারা তিন গুণ দামে শেয়ার বিক্রি করেছে। এটা তো রেকর্ড, পাবলিক লিস্টেড কোম্পানির শেয়ার ব্লক মার্কেটে তিন গুণ দামে বিক্রি করা হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিরোধী দলের নোটিসে ইসলামী ব্যাংকের শেয়ার বৈধ ও প্রকৃত মালিকদের কাছে ফেরত দেওয়ার কথা বলা হয়েছে।

তিনি বলেন, সেই বৈধ এবং প্রকৃত শেয়ারহোল্ডারদের কাছে এই মালিকানা ফেরত দেওয়ার যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

কারা কত শতাংশ শেয়ারের মালিক, তা প্রকাশ করারও দাবি জানান তিনি। এ বিষয়ে অর্থমন্ত্রী ও গভর্নরকে অনুরোধ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, শেয়ারহোল্ডাররা তারা কীভাবে খরিদ করেছেন সেটা ভিন্ন বিতর্ক, সেটা দুদকের তদন্ত হতে পারে, মামলা হতে পারে। কিন্তু শেয়ারহোল্ডাররা শেয়াহোল্ডারই।

বাংলাদেশ জার্নাল/সিএম

  • সর্বশেষ
  • পঠিত