ঢাকা, রোববার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ আপডেট : কিছুক্ষণ আগে
শিরোনাম

ঘরেই তৈরি করুন কোরিয়ান স্পাইসি রামেন

  লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ : ১৪ জুন ২০২৬, ১৬:৩৪

ঘরেই তৈরি করুন কোরিয়ান স্পাইসি রামেন
ছবি: সংগৃহীত

স্যুপ নুডলস অনেকেরই খুব পছন্দের খাবার, বিশেষ করে চিকেন নুডলস স্যুপ। তবে প্রতিদিন একঘেয়ে নুডলস না খেয়ে ঘরেই সহজে তৈরি করতে পারেন কোরিয়ার জনপ্রিয় খাবার ‘স্পাইসি রামেন’।

নিজের পছন্দমতো সবজি ও ডিম দিয়ে ঝটপট তৈরি করা যায় এই মজাদার ও ঝাল ঝাল খাবারটি। চলুন, জেনে নিই এর সহজ রেসিপি।

প্রয়োজনীয় উপকরণ : নুডলস : ইনস্ট্যান্ট নুডলস ও মসলা (১ প্যাকেট)।

মাংস ও ডিম : সেদ্ধ মুরগির মাংস কুচি (আধা কাপ) এবং ডিম (২টি)

সবজি: গাজর কুচি (১টি), মাশরুম স্লাইস (১টি), পেঁয়াজ কলি কুচি (২টি) এবং কচি পালং বা পুঁইশাক (আধা কাপ)।

সস ও মসলা : সয়া সস (আধা চা চামচ), চিলি সস (১ চা চামচ), চিলি ফ্লেক্স (আধা চা চামচ), গোলমরিচ গুঁড়ো (আধা চা চামচ) ও লবণ (পরিমাণমতো)।

অন্যান্য : তেল (২ টেবিল চামচ) এবং পানি (২ কাপ)।

প্রস্তুত প্রণালী :

প্রথমে প্যানে তেল গরম করে পেঁয়াজ কলি, গাজর ও মাশরুম হালকা ভেজে নিন। এরপর সেদ্ধ মুরগির মাংস দিয়ে দিন। এবার সয়া সস, চিলি ফ্লেক্স, চিলি সস ও নুডলসের ভেতরের মসলা দিয়ে মাঝারি আঁচে ভালো করে নেড়েচেড়ে ভেজে নিন।

ভাজা মসলায় ২ কাপ পানি ও পরিমাণমতো লবণ দিয়ে চুলার আঁচ বাড়িয়ে দিন। পানি ফুটে উঠলে নুডলসটি না ভেঙে আস্ত অবস্থায় দিয়ে দিন। এরপর প্যানের একপাশে শাকগুলো দিয়ে দিন। মনে রাখবেন, রামেনের সৌন্দর্য ধরে রাখতে এই পর্যায়ে আর কোনো নাড়াচাড়া করা যাবে না।

এবার প্যানের অন্য পাশে একটি কাঁচা ডিম আস্ত ছেড়ে দিন। ফুটন্ত স্যুপের পানি চামচ দিয়ে ডিমের ওপর দিতে থাকুন যেন ডিমটি ভেঙে না গিয়ে শক্ত হয়ে সেদ্ধ হয়। এবার নুডলসটি আলতো করে উল্টে দিন, তবে সব উপাদান একসাথে মিশিয়ে ফেলবেন না। স্যুপের পানি যেন শুকিয়ে না যায়, তাই চুলার আঁচ কমিয়ে রাখুন।

নুডলস ও ডিম ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে উপর থেকে গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিন। এবার একটি বড় বাটিতে সাবধানে এটি নামিয়ে নিন। সবশেষে আগে থেকে সেদ্ধ করে রাখা আরেকটি ডিম মাঝখান থেকে কেটে এবং কাঁচামরিচ ও ধনেপাতা কুচি বাটির একপাশে সাজিয়ে গরম গরম পরিবেশন করুন।

বাংলাদেশ জার্নাল/এসআইপি

  • সর্বশেষ
  • পঠিত