সিলেটে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু
জার্নাল ডেস্ক
প্রকাশ : ১৪ জুন ২০২৬, ১৪:৩৯

সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে পাঁচ মাস ১৫ দিন বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে এ রোগে মৃতের সংখ্যা বেড়ে ৬৯ জনে দাঁড়াল। শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায় বলে সিলেট স্বাস্থ্য বিভাগের সহকারী পরিচালক মোহাম্মদ নূরে আলম শামীম জানিয়েছেন।
মৃত জাওয়াত সুনামগঞ্জ সদর উপজেলার বাসিন্দা জমির উদ্দিনের ছেলে।
স্বাস্থ্য বিভাগের সিলেট বিভাগীয় পরিচালকের কার্যালয়ের প্রতিবেদনে জানানো হয়, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ২৯৫ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।
এছাড়া একইসময়ে হামের সন্দেহভাজন আরও ৬৩ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত সিলেট বিভাগে ৩১৮ জনের শরীরে ল্যাবরেটরি পরীক্ষায় হাম রোগের সংক্রমণ নিশ্চিত হয়েছে।
সিলেটে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৬৫ জনের মৃত্যু হয়েছে। আর নিশ্চিত হামে চারজনের মৃত্যু হয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে।
বাংলাদেশ জার্নাল/সিএম










