যুক্তরাষ্ট্র ও ইরান ২৪ ঘণ্টার মধ্যে প্রাথমিক চুক্তি করতে পারে:পাকিস্তান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ১৩ জুন ২০২৬, ২০:৩৯

যুক্তরাষ্ট্র ও ইরান তিন মাসেরও বেশি যুদ্ধের মধ্যে থাকার পর শান্তি চুক্তির জন্য একটি রূপরেখা নিয়ে সম্মত হয়েছে আর পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে তারা প্রাথমিক চুক্তিতে স্বাক্ষর করবে বলে আশা করা হচ্ছে, জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।
পাকিস্তান এই যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনায় মধ্যস্থতা করছে। দেশটির প্রধানমন্ত্রী জানিয়েছেন, পাকিস্তান একটি ইলেকট্রনিক সাক্ষরের জন্য প্রস্তুতি নিচ্ছে তারপর আগামী সপ্তাহে বিশেষজ্ঞ পর্যায়ের একটি আলোচনা অনুষ্ঠিত হবে।
রয়টার্স জানিয়েছে, শুক্রবার যুক্তরাষ্ট্র ও ইরান ইঙ্গিত দিয়েছিল যে তারা তাদের যুদ্ধ শেষ করার চুক্তির কাছাকাছি আছে। মার্কিন প্রশাসনের এক ঊধ্বতন কর্মকর্তা জানান, উভয়পক্ষ একটি লিখিত খসড়ায় সম্মত হয়েছে আর আগামী দিনগুলোতে ওয়াশিংটন একটি প্রাথমিক চুক্তিতে স্বাক্ষর করবে বলে আশা করা হচ্ছে।
সামাজিক মাধ্যম এক্স এ শরিফ লিখেছেন, “আগের যে কোনো সময়ের চেয়ে আমরা একটি শান্তি চুক্তির কাছাকাছি আছি। আগামী ২৪ ঘণ্টার মধ্যে চূড়ান্ত হওয়ার সম্ভাবনা থাকায়, এর পরপরই পাকিস্তান শান্তি চুক্তির ইলেকট্রনিক স্বাক্ষরের জন্য প্রস্তুতি নিচ্ছে, এরপর আগামী সপ্তাহে বিশেষজ্ঞ পর্যায়ে আলোচনা অনুষ্ঠিত হবে।
“আমরা আত্মবিশ্বাসী যে এই ঐতিহাসিক শান্তি চুক্তি একটি স্থায়ী শান্তির শক্ত ভিত্তি গড়ে তুলবে।”
২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার মধ্য দিয়ে এই যুদ্ধ শুরু হয়েছিল। হামলার জবাবে ইরান পারস্য উপসাগরীয় আরব দেশগুলোতে থাকা মার্কিন সামরিক লক্ষ্যস্থলগুলোতে ও ইসরায়েলে পাল্টা হামলা চালায়। ইরানের মিত্র ও লেবাননের প্রতিরোধ শক্তি হিজবুল্লাহও ইসরায়েলে হামলা শুরু করে। এতে প্রায় পুরো পশ্চিম এশিয়াজুড়ে যুদ্ধের ধ্বংসলীলা শুরু হয়।
পরে ৮ এপ্রিল যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি যুদ্ধবিরতি শুরু হলে পরিস্থিতি কিছুটা শান্ত হয়। কিন্তু লেবানন ফ্রন্টে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে আক্রমণ ও পাল্টা আক্রমণ চলতে থাকে।
এই যুদ্ধে যে কয়েক হাজার মানুষ নিহত হয়েছে তাদের অধিকাংশ ইরান ও লেবাননের নাগরিক। এই যুদ্ধের কারণে বিশ্বজুড়ে জ্বালানির মূল্য অনেক বেড়ে গেছে।
বাংলাদেশ জার্নাল/এসআইপি










