ঢাকা, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ আপডেট : ১২ মিনিট আগে
শিরোনাম

সৈয়দ আব্দুল হাদীকে শিল্পকলার বিশেষ সম্মাননা

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১৩ জুন ২০২৬, ১৮:৫৭

সৈয়দ আব্দুল হাদীকে শিল্পকলার বিশেষ সম্মাননা
ছবি: সংগৃহীত

বাংলাদেশ শিল্পকলা একাডেমির বিশেষ সম্মাননায় সিক্ত হলেন “কালজয়ী কণ্ঠ” বরেণ্য সংগীতশিল্পী সৈয়দ আব্দুল হাদী।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে ১২ জুন ২০২৬ তারিখে জাতীয় নাট্যশালা মিলনায়তনে এই বিশেষ সম্মাননা প্রদান করা হয়। জাতীয় সংস্কৃতির বিকাশ ও লালনে অসামান্য অবদান রাখা শিল্পীদের যথাযথ মূল্যায়নের অংশ হিসেবে এই আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতেই সৈয়দ আব্দুল হাদীর জীবন, কর্ম ও অবদানের ওপর নির্মিত তথ্যচিত্র প্রদর্শন করা হয়। এরপর মঞ্চে তাঁকে আনুষ্ঠানিকভাবে বরণ করে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এমপি এবং ডা. জাহেদ উর রহমান, উপদেষ্টা (প্রতিমন্ত্রী পদমর্যাদা), পলিসি ও স্ট্র্যাটেজি, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর আহ্বায়ক হেলাল খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলা।

স্বাগত বক্তব্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি শেখ রেজাউদ্দিন আহমেদ বলেন, ‘‘সৈয়দ আব্দুল হাদী বাংলা সংগীতকে এমনভাবে সমৃদ্ধ করেছেন যে তরুণ শিল্পীদের মূল্যায়নের মানদণ্ড হিসেবেই তাঁর নাম উঠে আসে।’’

অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির সচিব মোহাম্মদ জাকির হোসেন। আলোচনায় বক্তারা তাঁর সংগীতজীবন ও বাংলা গানের বিকাশে অবদানের কথা তুলে ধরেন।

বিশেষ অতিথির বক্তব্যে সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, ‘‘অতীতে সংস্কৃতিচর্চায় ঘাটতি ছিল এবং ভবিষ্যতে সংস্কৃতি অঙ্গনকে আধুনিক ও পরিকল্পিতভাবে এগিয়ে নেওয়ার কথা জানান তিনি।’’

সম্মাননা গ্রহণ করে সৈয়দ আব্দুল হাদী বলেন, ‘‘তিনি সকলের ভালোবাসায় গভীরভাবে অভিভূত। একই সঙ্গে তিনি দেশপ্রেমের আহ্বান জানিয়ে বলেন, সবাই যেন দেশকে ভালোবাসেন এবং নিজের ভারে দেশকে ভারাক্রান্ত না করেন।’’

সন্ধ্যায় দ্বিতীয় পর্বে আয়োজিত গীতসন্ধ্যায় নতুন প্রজন্মের শিল্পীরা তাঁর জনপ্রিয় গান পরিবেশন করেন। অনুষ্ঠানে ‘আছেন আমার মোক্তার’ ও ‘সূর্যোদয়ে তুমি, সূর্যাস্তেও তুমি’ গান দুটি সমবেত কণ্ঠে পরিবেশিত হয়।

অর্ধশতাব্দীরও বেশি সময় ধরে বাংলা গানকে সমৃদ্ধ করার স্বীকৃতিস্বরূপ তাঁকে এই বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

বাংলাদেশ জার্নাল/এনএম

  • সর্বশেষ
  • পঠিত