প্রধানমন্ত্রী
অস্থিতিশীলতা তৈরি করতে প্রস্তাবিত বাজেটের বিরোধিতা করছে বিরোধী দল
জার্নাল ডেস্ক
প্রকাশ : ১৩ জুন ২০২৬, ১৩:২৯ আপডেট : ১৩ জুন ২০২৬, ১৩:৩৮

দেশে ‘অস্থিতিশীলতা ও অশান্তি তৈরি করতে’ বিরোধী দল প্রস্তাবিত বাজেটের বিরোধিতা করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (১৩ জুন) সকালে কক্সবাজারর সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের পাতিলী খাল পুন:খনন কাজ উদ্বোধনের পরে সংক্ষিপ্ত সমাবেশে এ কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, খবরের কাগজগুলোতে দেখলাম, আলহামদুলিল্লাহ, এইবার বাজেটের পরে এখন পর্যন্ত কোন জিনিসের দাম বৃদ্ধি পায়নি। কারণ চাল, ডাল, তেল, নুন সব প্রয়োজনীয় যে জিনিসপত্রগুলো আছে তার উপরে যে সকল ট্যাক্স ছিল, বর্তমান সরকার এই দুইদিন আগের বাজেটে ৬০টি পণ্যের উপর থেকে ট্যাক্স তুলে নিয়েছে। যাতে করে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম না বাড়ে। এর উদ্দেশ্য লক্ষ্য একটাই. দেশের মানুষ যাতে ভালো থাকতে পারে।
তিনি বলেন, বিরোধী দল বলছে যে এই বাজেট তারা মানে না, এই গণবিরোধ বাজেট তারা মানে না। আপনাদের কাছে আমি প্রশ্ন রেখে যেতে চাই, যেই বাজেটে ট্যাক্স কমানো হয়, সেই বাজেটও বিরোধী দল মানে না। যেই বাজেটে মদের দাম বাড়ানো হয়, যেই বাজেটে সিগারেটের দাম বাড়ানো হয়, সেই বাজেটও বিরোধী দলের পছন্দ নয়। তাহলে এবার বিরোধী দলের উদ্দেশ্য বুঝতে পেরেছেন?
সরকারপ্রধান বলেন, তাদের (বিরোধী দল) লক্ষ্য বা উদ্দেশ্য দেশের মানুষের পাশে দাঁড়ানো নয়। তাদের উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে দেশের মধ্যে একটি অস্থিতিশীতা-অশান্তি তৈরি করা, মানুষকে বিভ্রান্ত করা।
বাংলাদেশ জার্নাল/সিএম










