ঢাকা, রোববার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ আপডেট : কিছুক্ষণ আগে
শিরোনাম

পুশ-ইন ইস্যুতে বাংলাদেশ-ভারত আলোচনা চলছে: ভারতীয় হাইকমিশনার

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১২ জুন ২০২৬, ১৯:২৯

পুশ-ইন ইস্যুতে বাংলাদেশ-ভারত আলোচনা চলছে: ভারতীয় হাইকমিশনার

পুশ-ইন ইস্যুতে বাংলাদেশ ও ভারতের মধ্যে আলোচনা চলছে বলে জানিয়েছেন নতুন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। শুক্রবার (১২ জুন) দুপুরে বেনাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

হাইকমিশনার বলেন, বিশ্বাস ও আন্তরিকতার মাধ্যমে সব চ্যালেঞ্জ সমাধান করা সম্ভব। আমাদের উভয় দেশে শক্তিশালী গণতন্ত্র আছে। আমরা যদি একসঙ্গে কাজ করি, তাহলে বড় কিছু অর্জন করতে পারব।

দীনেশ ত্রিবেদী বলেন, দুই দেশের মোট জনসংখ্যা ১৬০ কোটির ওপরে। ভারতের জনসংখ্যা ১৪০ কোটি ও বাংলাদেশের ২০ কোটি। আমরা একই আকাশ, একই বাতাস ভাগাভাগি করি। এখানে আমি নিজেকে বিদেশি মনে করি না। আপনারা দেখতেই পাচ্ছেন হেঁটে সীমান্ত পার হয়ে এসেছি আমি।

তিনি বলেন, বাংলাদেশ ও ভারতের শুধু অভিন্ন সীমান্তই নয়, অভিন্ন আকাঙ্ক্ষাও রয়েছে। ভিসা সংক্রান্ত সমস্যা সমাধানে আমরা একসঙ্গে কাজ করব।

তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষের সঙ্গে আমাদের সম্পর্ক সীমান্তের বাইরে। এখন আমার একমাত্র অগ্রাধিকার হল দুই দেশের মানুষের সম্পর্ক আরও শক্তিশালী করা।

দীনেশ ত্রিবেদীর সঙ্গে তার স্ত্রী মিনাল ত্রিবেদীও বাংলাদেশে এসেছেন। নতুন হাইকমিশনারকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানিয়েছেন ভারপ্রাপ্ত হাইকমিশনার পবনকুমার তুষীধাস, পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডেপুটি চিফ অব প্রটোকল আরিফ মাহমুদ ও বেনাপোল স্থলবন্দরের পরিচালক শামীম হোসেন।

বাংলাদেশ জার্নাল/সিএম

  • সর্বশেষ
  • পঠিত