ক্রিকেটার নাঈম হাসান ইস্যুতে খুলশী থানার ওসি প্রত্যাহার
জার্নাল ডেস্ক
প্রকাশ : ১৪ জুন ২০২৬, ১০:২৮

জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে মারধর করে থানায় নেওয়া এবং পরবর্তীতে থানায় দুর্ব্যবহারের অভিযোগকে কেন্দ্র করে সারা দিন আলোচনার পর খুলশী থানার ওসি মো. আরিফুর রহমানকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। শনিবার রাত ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেন সিএমপির সহকারী কমিশনার (পিআর) আমিনুর রশিদ।
তিনি জানান, খুলশী থানার ওসিকে দায়িত্ব থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে এবং তার স্থলে বাকলিয়া থানার ওসিকে খুলশী থানার নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। একইসঙ্গে বাকলিয়া থানার ওসির দায়িত্বে অন্য একজনকে নিয়োগ দেওয়া হয়েছে, যিনি এর আগে নগরীর অন্য একটি থানায় ওসি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
তবে এই সিদ্ধান্ত নাঈম হাসান সংশ্লিষ্ট ঘটনার কারণে কি না জানতে চাইলে সিএমপির পক্ষ থেকে বলা হয়, ‘‘এটি নিয়মিত দায়িত্ব বণ্টনের অংশ।’’
এর আগে জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানের সঙ্গে ‘অপেশাদার’ আচরণের অভিযোগে দুই পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়। চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ঢাকা থেকে নিজ বাসায় ফেরার পথে খুলশী থানাধীন লালখান বাজার এলাকায় পুলিশের রাত্রিকালীন মোবাইল-৩৩ টিমের সঙ্গে তার একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে।
প্রাথমিক তদন্তে দায়িত্ব পালনের ক্ষেত্রে অপেশাদার আচরণের অভিযোগ পাওয়ার পর এসআই মো. শফিকুল ইসলাম ভুঁইয়া ও কনস্টেবল মো. রাসেল চৌধুরীকে সাময়িক বরখাস্ত করা হয়। একই ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানান সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী।
ঘটনাটি ঘটে শুক্রবার রাতে ঢাকা থেকে চট্টগ্রামে ফেরার পথে লালখান বাজার মোড়ে। অভিযোগ অনুযায়ী, সেখানে পুলিশ পরিচয়ে নাঈম হাসানকে মারধর করে থানায় নেওয়া হয়। থানায় নেওয়ার পর নিজের পরিচয় জানানোর পরও খুলশী থানার ওসি তাকে ‘চোখ নামিয়ে কথা বলার’ নির্দেশ দেন বলে অভিযোগ উঠে।
পরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের শীর্ষ কর্মকর্তাদের ফোন পেয়ে ওসি নাঈম হাসানকে ‘আপনি’ সম্বোধন করে বসতে বলেন বলেও জানা যায়। রাত গভীর হলে নাঈম হাসানের বাবা, স্বজন ও স্থানীয়রা থানায় যান এবং পরবর্তীতে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও ঘটনাস্থলে উপস্থিত হন।
এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে নিন্দা জানিয়ে জাতীয় দলের সাবেক ও বর্তমান ক্রিকেটাররা প্রতিক্রিয়া জানান। বিষয়টি নিয়ে দিনভর চট্টগ্রামের আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকাণ্ড ও আচরণ নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনা হয়।
বাংলাদেশ জার্নাল/এনএম









