ডিএনসিসিতে বর্জ্য ব্যবস্থাপনার কাজ চলবে দুই শিফটে
জার্নাল ডেস্ক
প্রকাশ : ১২ জুন ২০২৬, ২২:৪২

নগরীকে আরও পরিচ্ছন্ন রাখতে দিনের পাশাপাশি এখন থেকে রাতেও কাজ করবেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) পরিচ্ছন্ন কর্মীরা। শুক্রবার (১২ জুন) ডিএনসিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা তুলে ধরে বলা হয়েছে, বর্জ্য অপসারণে আধুনিক যানবাহন সংগ্রহ, বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনসহ একাধিক উদ্যোগ বাস্তবায়নের পদক্ষেপও নিচ্ছে নগর কর্তৃপক্ষ।
বর্তমানে এক শিফটে দিনের যেকোনো সময়ে কাজ করেন পরিচ্ছন্ন কর্মীরা।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নগরীর ২৬টি ওয়ার্ডে পরিচ্ছন্নতা কার্যক্রম আরো জোরদার করতে উন্মুক্ত দরপত্র প্রক্রিয়া চলছে। বাসাবাড়ি থেকে বর্জ্য অপসারণে ব্যবহৃত প্রচলিত ভ্যান সার্ভিসকে সিটি করপোরেশনের ব্যবস্থাপনার আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রধান সড়কগুলোতে পড়ে থাকা বর্জ্য দ্রুত অপসারণে কুইক রেসপন্স টিম (কিউআরটি) ও মোবাইল টিম কাজ করবে। কোথাও যাতে বর্জ্যের স্তূপ জমে না থাকে, সেজন্য নিয়মিত মনিটরিংয়ের নির্দেশনা দেওয়া হয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তাদের।
বর্জ্য ব্যবস্থাপনায় নতুন সরঞ্জাম সংগ্রহের উদ্যোগ নেওয়ার কথা তুলে ধরে ডিএনসিসি বলছে, আধুনিক কম্প্যাক্টর ট্রাক, হুক-লিফট ট্রাকসহ প্রয়োজনীয় যানবাহন সংগ্রহ করা হলে বর্জ্য সংগ্রহ ও পরিবহন ব্যবস্থা আরো কার্যকর হবে। বর্জ্য আলাদা করার কার্যক্রমের অংশ হিসেবে পরীক্ষামূলকভাবে ২৫০টি সবুজ ও ২৫০টি হলুদ প্লাস্টিক বিন এবং ৫০ হাজার পলিব্যাগ বিতরণ করা হয়েছে।
এ ছাড়া আমিনবাজার ল্যান্ডফিল সম্প্রসারণ ও আধুনিক করার প্রকল্পের আওতায় প্রতিদিন প্রায় ৩ হাজার টন কঠিন বর্জ্য ব্যবহার করে সর্বোচ্চ ৪২ দশমিক ৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা রয়েছে ডিএনসিসির।
বাংলাদেশ জার্নাল/সিএম










