ঢাকা, শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ আপডেট : ৫ মিনিট আগে
শিরোনাম

খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন বিএনপি নেতা মনা

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১২ জুন ২০২৬, ১৩:৩৬

খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন বিএনপি নেতা মনা
ছবি: সংগৃহীত

খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের ৩২তম চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন খুলনা মহানগর বিএনপির সভাপতি এস এম শফিকুল আলম মনা।

এর মাধ্যমে প্রায় ২৮ বছর পর সশস্ত্র বাহিনীর কোনও কর্মকর্তার বাইরে বেসামরিক কেউ এই পদে দায়িত্ব পেলেন।

বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০১৮-এর ধারা ৭ (১) অনুযায়ী এস এম শফিকুল আলমকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার সকালে জারি করা আলাদা প্রজ্ঞাপনের মাধ্যমে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের বিদায়ী চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল জাহাঙ্গীর হোসেনকে প্রত্যাহার করে সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়।

নিয়োগ পাওয়ার প্রতিক্রিয়ায় বিএনপি নেতা মনা বলেন, এটি খুলনাবাসীর ভালোবাসা, প্রত্যাশা ও দীর্ঘদিনের আস্থার প্রতিফলন।

“আমি বিশ্বাস করি, জনগণের অংশগ্রহণ ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে খুলনাকে একটি আধুনিক, পরিকল্পিত, পরিবেশবান্ধব ও বিনিয়োগবান্ধব নগরীতে রূপান্তর করা সম্ভব” বলেন তিনি।

সততা, স্বচ্ছতা, জবাবদিহি ও জনকল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দায়িত্ব পালন করার কথা জানিয়ে মনা বলেন, “নগর উন্নয়ন, অবকাঠামো নির্মাণ, জলাবদ্ধতা নিরসন, নাগরিক সুবিধা বৃদ্ধি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য খুলনা গড়ে তোলার লক্ষে নিরলসভাবে কাজ করে যাব।”

১৯৯৮ সালের ৪ অগাস্ট থেকে টানা খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান পদে ব্রিগেডিয়ার বা ব্রিগেডিয়ার জেনারেল পদমর্যাদার সশস্ত্র বাহিনীর কর্মকর্তারা প্রেষণে দায়িত্ব পালন করে আসছিলেন।

সবশেষ ১৯৯৮ সালে সশস্ত্র বাহিনীর বাইরে বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা খন্দকার আবু মো. আবদুল্লাহ কেডিএর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।

বাংলাদেশ জার্নাল/জে

  • সর্বশেষ
  • পঠিত