ঢাকা, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ আপডেট : ৪ মিনিট আগে
শিরোনাম

চীনের তালিয়ান থেকে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ২৪ জুন ২০২৬, ১২:৫৬  
আপডেট :
 ২৪ জুন ২০২৬, ১৩:০২

চীনের তালিয়ান থেকে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী
চীনের তালিয়ান থেকে বুধবার দুপুরে হাইস্পিড ট্রেনে করে বেইজিংয়ের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত

চীনের তালিয়ানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) সম্মেলনে অংশ নেওয়ার পর বেইজিংয়ের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা রহমান।

স্থানীয় সময় বুধবার (২৪ জুন) দুপুরে হাইস্পিড ট্রেনে করে তারা বেইজিংয়ের উদ্দেশে রওনা হন বলে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান।

তালিয়ানের উপ মেয়রসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা রেল স্টেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিদায় জানান।

বেইজিংয়ে পৌঁছানোর মধ্য দিয়ে প্রধানমন্ত্রীর তিন দিনের রাষ্ট্রীয় সফর শুরু হবে। চীনের প্রধানমন্ত্রী লি চিয়াংয়ের আমন্ত্রণে চীন সফর করছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।

বৃহস্পতিবার (২৫ জুন) বিকালে বেইজিংয়ের গ্রেট হল অব পিপলে প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হবে। এরপর সেখানে চীনের প্রধানমন্ত্রী লি চিয়াং এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দুই দেশের দ্বিপক্ষীয় বৈঠক হবে।

তালিয়ান উত্তর রেল স্টেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা রহমান। ছবি: পিআইডিতালিয়ান উত্তর রেল স্টেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা রহমান। ছবি: পিআইডি

শুক্রবার গ্রেট হল অব পিপলে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়া চীনা কমিউনিসট পার্টির শীর্ষ নেতৃবৃন্দও তার সাথে সাক্ষাৎ করবেন।

রবি ও সোমবার মালয়েশিয়ায় প্রথম বিদেশ সফর সেরে তারেক রহমান সোমবার বিকালে চীনের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর তালিয়ানে পৌঁছান।

মঙ্গলবার সকালে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট ও সিইও আলোইস সিঙ্গি। সন্ধ্যায় ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ‘ক্লাইমেট লিডারশিপ ইন আ শিফটিং গ্লোবাল ল্যান্ডস্কেপ’ শীর্ষক সেশনে বক্তব্য দেন তারেক রহমান।

তালিয়ানের ‘সামার দাভোসে’ অংশ নেওয়া সরকারপ্রধানদের সম্মানে চীনের প্রধানমন্ত্রী লি চিয়াংয়ের দেওয়া নৈশভোজেও অংশ নেন প্রধানমন্ত্রী।

বুধবার সকালে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের 'অ্যানুয়াল মিটিং অব দ্য নিউ চ্যাম্পিয়ন্স' এর প্লেনারি সেশনে যোগ দেওয়ার পর দুপুরে তিনি বেইজিংয়ের উদ্দেশে যাত্রা করেন।

বাংলাদেশ জার্নাল/এসআইপি

  • সর্বশেষ
  • পঠিত