ঢাকা, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ আপডেট : ২৯ মিনিট আগে
শিরোনাম

যাকাত টেলিভিশন চালুর প্রস্তাব পার্থর

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ২৭ জুন ২০২৬, ২০:১৬

যাকাত টেলিভিশন চালুর প্রস্তাব পার্থর

যাকাত পাওয়ার যোগ্য ব্যক্তিদের একটি ডেটাবেইজ তৈরি ও ‘যাকাত টেলিভিশন’ চালুর প্রস্তাব দিয়েছেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ।

জাতীয় সংসদে শনিবার (২৭ জুন) ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, যাকাত বাংলাদেশের অর্থনীতির একটি ‘হিডেন ইকোনমি’। কিন্তু দেশে কত টাকা যাকাত দেওয়া হয়, তার কোনো পূর্ণাঙ্গ হিসাব নেই। প্রতিটি নির্বাচনি আসনে কারা যাকাত পাওয়ার যোগ্য, তাদের নামের একটি ডেটাবেইজ থাকা উচিত। এতে দেশে-বিদেশে থাকা দাতারা সহজে প্রকৃত ব্যক্তির কাছে যাকাত পৌঁছে দিতে পারবেন।

প্রতি আসনে ২০ হাজার জন করে ধরলে ৫০ থেকে ৬০ লাখ মানুষের তথ্যভান্ডার তৈরি করা সম্ভব বলে মন্তব্য করেন ভোলা-১ (সদর) আসনের এ এমপি।

যাকাত দেওয়ার ক্ষেত্রে প্রবাসীদের আগ্রহের কথা তুলে ধরে তিনি বলেন, অনেকেই যাকাত দিতে চান, কিন্তু উপযুক্ত ব্যক্তির কাছে পৌঁছানোর সহজ ব্যবস্থা না থাকায় পারেন না।

ওয়েবসাইট বা অ্যাপের মাধ্যমে যাকাত পাওয়ার যোগ্য ব্যক্তিদের চিহ্নিত করার পাশাপাশি যাকাত ব্যবস্থা জনপ্রিয় করতে ‘যাকাত টেলিভিশন’ চালুর প্রস্তাব দেন তিনি।

বাজেটের সামাজিক সুরক্ষা ও কল্যাণমূলক দিকের প্রশংসা করে পার্থ বলেন, ‘এটি একটি স্বৈরাচার ও জনগণের সরকারের মধ্যে পার্থক্য।’

বাজেটে এতিম, নারী, বিপন্ন মানুষ ও শারীরিকভাবে চ্যালেঞ্জড মানুষের জন্য চিন্তা দেখা যাচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

ইসলামিক ব্যাংকিং প্রসারের পক্ষে তিনি বলেন, পৃথিবী এখন ইসলামিক ব্যাংকিংয়ের দিকে যাচ্ছে। প্রচলিত ব্যাংকিং ব্যবস্থার সঙ্গে বাংলাদেশ গভীরভাবে যুক্ত থাকায় রাতারাতি পরিবর্তন সম্ভব নয়, তবে ইসলামিক ব্যাংকিংকে উৎসাহ দেওয়া দরকার। আমরা এমনভাবে ‘কনভেনশনাল’ ব্যাংকিং বা ‘শাইলক সিস্টেমে’ ঢুকে গিয়েছি, এটা আমরা রাতারাতি পরিবর্তন করতে পারব না। কিন্তু এটা সত্যি কথা যে পৃথিবীতে এখন ইসলামিক ব্যাংকিং ইজ আ ট্রেন্ড।

ইসলামিক ব্যাংকিংয়ের পক্ষে যুক্তরাজ্য, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশের উদাহরণ দেন পার্থ।

ইসলামী ব্যাংক নিয়ে অতীতের লুটপাটের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, একটি ইসলামী ব্যাংক ‘ডাকাতি’ হয়েছে বলে ইসলামিক ব্যাংকিং বাতিল করা যাবে না। ইসলামী ব্যাংক ডাকাতি হয়ে গিয়েছে, কারণ ডাকাত খারাপ ছিল, ইসলামিক ব্যাংকিং সলিউশন কিন্তু খারাপ না।

প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া ও চীন সফরের জন্য তাকে অভিনন্দন জানান পার্থ।

বাংলাদেশ জার্নাল/সিএম

  • সর্বশেষ
  • পঠিত