ঢাকা, শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ আপডেট : ১০ মিনিট আগে
শিরোনাম

নরসিংদীতে পুকুরে গোসলে নেমে ৩ বোনের মৃত্যু

  নরসিংদী প্রতিনিধি

প্রকাশ : ০৪ জুলাই ২০২৬, ২০:২৯  
আপডেট :
 ০৪ জুলাই ২০২৬, ২১:০০

নরসিংদীতে পুকুরে গোসলে নেমে ৩ বোনের মৃত্যু
ছবি: সংগৃহীত

নরসিংদীর মনোহরদী উপজেলায় পুকুরে গোসল করতে নেমে তিন বোনের মৃত্যু হয়েছে।

শনিবার(৪ জুলাই) বিকাল সাড়ে ৩টায় উপজেলার খিদিরপুর ইউনিয়নের চর আহমদপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান মনোহরদী থানার ওসি জাহাঙ্গীর বাদশা।

নিহতরা হলেন- ময়মনসিংহের গফরগাঁও উপজেলার সাইফুল ইসলামের মেয়ে ফাতেমা (৮), তুহিন মিয়ার মেয়ে আয়েশা ওরফে আশামনি (১২) এবং মুফাচ্ছের মিয়ার মেয়ে সুমাইয়া (১৩)।

নিহতদের মধ্যে দুজন মাদ্রাসার চতুর্থ শ্রেণির শিক্ষার্থী এবং একজন পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো বোন।

পরিবারের বরাতে পুলিশ জানায়, ফাতেমা ও আশামনি চর আহমদপুর গ্রামের খোরশেদ মিয়ার ছেলের ও মেয়ের ঘরের নাতনি। আর সুমাইয়া খোরশেদ মিয়ার ছোট ভাইয়ের মেয়ে।

তিন শিশু শনিবার দুপুরের দিকে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে নামে। দীর্ঘ সময় পরেও তাদের দেখতে না পেয়ে পরিবারের লোকজন পুকুরে তল্লাশি চালায়। পরে তিনজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিন শিশুর মৃত্যুর ঘটনায় পুরো গ্রামে শোকের ছায়া নেমে আসে।

ওসি জাহাঙ্গীর বাদশা বলেন, ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলাদেশ জার্নাল/এসআইপি

  • সর্বশেষ
  • পঠিত