ঢাকা, রোববার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

গুলিস্তানে বিএনপি–জামায়াত সংঘর্ষ, জামায়াত নেতা ছুরিকাঘাতে আহত

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ০৪ জুলাই ২০২৬, ২১:১৮

গুলিস্তানে বিএনপি–জামায়াত সংঘর্ষ, জামায়াত নেতা ছুরিকাঘাতে আহত
ছবি: সংগৃহীত

রাজধানীর গুলিস্তানে ফুলবাড়িয়া বিআরটিসি কাউন্টারের সামনে বিএনপি ও জামায়াতে ইসলামীর মিছিল চলাকালে নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এসময় মো. কবির আহমেদ (৪৫) নামে জামায়াতের এক নেতার ছুরিকাঘাতে আহত হওয়ার অভিযোগ উঠেছে।

আহত কবির জামায়াতের রোকন এবং দলের গুলিস্তান শপিং মার্কেট ইউনিটের সভাপতি। তিনি পেশায় মোবাইল পার্টস ব্যবসায়ী।

শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে ফুলিবাড়িয়ায় দুই পক্ষের মিছিল চলাকালে অংশগ্রহণকারীদের মধ্যে হাতাহাতির ঘটনার তথ্য দেন বংশাল থানার পরিদর্শক সোহেল হোসেন।

পরে গুরুতর আহত অবস্থায় কবিরকে ৬টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, ‘‘বিআরটিসি কাউন্টারের সামনে ধারালো অস্ত্রের আঘাতে জামায়াতের এক নেতা গুরুতর আহত হয়েছেন। তাকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।’’

আহত কবিরকে হাসপাতালে নিয়ে যাওয়া আক্তার হোসেন নামে একজন বলেন, “বিএনপি ও জামায়াতের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষের একপর্যায়ে কে বা কারা কবির আহমেদকে কোমরের পেছনে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায়।”

বংশাল থানার পরিদর্শক সোহেল বলেন, “দুই পক্ষের পাল্টাপাল্টি মিছিল থেকে হাতাহাতির ঘটনা ঘটেছে বলে শুনতে পেয়েছি। আমরা এ বিষয়ে খোঁজ নিচ্ছি।”

প্রত্যক্ষদর্শীরা বলছেন, মিছিল থেকে উভয় দলের নেতাকর্মীদের লাঠি হাতে মারামারিতে জড়াতে দেখা যায়। তারা একে অপরের দিকে ইট-পাটকেলও ছোঁড়ে।

আহত কবির আহমেদের গ্রামের বাড়ি মুন্সিগঞ্জের সদরের বাংলাবাজার এলাকায়। তার বাবার নাম তৌহিদ হোসেন।

বাংলাদেশ জার্নাল/এনএম

  • সর্বশেষ
  • পঠিত