ঢাকা, রোববার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ আপডেট : ২১ মিনিট আগে
শিরোনাম

খুলনার গাজীরহাটে ভ্যানচালককে গলা কেটে হত্যা

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ০৫ জুলাই ২০২৬, ১০:৫৬

খুলনার গাজীরহাটে ভ্যানচালককে গলা কেটে হত্যা
ছবি: সংগৃহীত

খুলনার দিঘলিয়া উপজেলার গাজীরহাটে এক ভ্যান চালককে গলা কেটে হত্যা করা হয়েছে।

শনিবার রাত ৯টার দিকে গাজীরহাট ইউনিয়নের মোল্লাডাঙা এলাকায় ঘটনাটি ঘটে বলে জানান মাঝিরগাতী পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক জামিল।

নিহত ৪০ বছর বয়সী সমির ভট্ট দিঘলিয়া উপজেলার গাজীরহাট ইউনিয়নের কেটলা গ্রামের রবিন ভট্টের ছেলে।

পুলিশ জানায়, শনিবার রাত ৯টার দিকে সমির কয়েকজন যাত্রী নিয়ে মোল্লাডাঙা সড়ক দিয়ে বারাসাতের দিকে যাচ্ছিলেন। পথে যাত্রীবেশী দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তাকে গলা কেটে রাস্তায় ফেলে যায়।

তার গোঙানিতে স্থানীয়রা ছুটে গিয়ে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করার চেষ্টা করলে কিছু সময়ের মধ্যেই তিনি মারা যান।

দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহ আলম বলেন, স্থানীয়দের মাধ্যমে ভ্যানচালক সমিরের মরদেহ পড়ে থাকার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি বলেন, ‘‘হত্যাকাণ্ডস্থলের কিছু দূর থেকে নিহতের ভ্যানটি উদ্ধার করা হয়েছে। দুর্বৃত্তরা ভ্যানটি নিয়ে পালানোর চেষ্টা করেছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।’’

সম্প্রতি খুলনায় বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর তৎপরতা বেড়েছে বলে স্থানীয়ভাবে আলোচনা চলছে। গত বৃহস্পতিবার রাতে খুলনার রূপসায় প্রতিপক্ষের হামলায় আহত হয়ে ঢাকায় নেওয়ার পথে একজনের মৃত্যু হয়। শুক্রবার সন্ধ্যায় রূপসা নতুন বাজার এলাকায় দশম শ্রেণির এক শিক্ষার্থী গুলিবিদ্ধ হন।

এর আগে ২ জুলাই লবণচরা থানার আশীবিঘা বালুর মাঠ এলাকায় গুলিবর্ষণে এক তরুণ আহত হন এবং ২৯ জুন গল্লামারী এলাকায় আরও একজন গুলিবিদ্ধ হন।

পুলিশের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের আগস্ট থেকে এ পর্যন্ত ২৩ মাসে ৮৯টি হত্যাকাণ্ড ঘটেছে। চলতি বছরের প্রথম ছয় মাসে হত্যাকাণ্ড ঘটেছে ১৯টি, যার মধ্যে ৩৪টির সঙ্গে বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর সম্পৃক্ততার তথ্য রয়েছে।

বাংলাদেশ জার্নাল/এনএম

  • সর্বশেষ
  • পঠিত