চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহী নিহত
চুয়াডঙ্গা প্রতিনিধি
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০১৯, ১৫:০৬

চুয়াডাঙ্গায় মঙ্গলবার দুপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
নিহতেরা হলেন চুয়াডঙ্গা দামুড়হুদা উপজেলার নতুন হাওলী গ্রামের মৃত মোজাম্মেল হকের ছেলে জুলফিকার আলী এবং ঝিনাইদহ জেলার হরিনাকুন্ডুর কাপাসিয়া গ্রামের মিজানুর রহমানের ছেলে মেহেদী হাসান পলাশ।
পুলিশ জানায়, মঙ্গলবার দুপুরে দামুড়হুদার জুলফিকার তার মোটরসাইকেল যোগে জীবননগরের আন্দুলবাড়িয়ায় তার ঠিকাদারি কাজ দেখতে যাচ্ছিলেন। উপজেলার দর্শনার তেল পাম্পের নিকট তিনি পৌঁছালে তার মোটরসাইকেলের সাথে বিপরীতমুখী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান জুলফিকার।
অন্যদিকে সরোজগঞ্জ থেকে ঝিনাইদহে ফিরছিলেন মেহেদী হাসান পলাশ। এসময় চুয়াডাঙ্গার নয়মাইল নামক স্থানে মাইক্রোবাসের সাথে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন মেহেদী হাসান পলাশ। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার বোন শাহানাজ।
নিহত দুইজনের লাশ চুয়াডঙ্গা সদর হাসপাতালের মর্গে নিয়েছে পুলিশ।
এমএ/










