ঢাকা, বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

মধ্যপ্রাচ্যের সব রুটে ইউএস-বাংলার ফ্লাইট চলাচল স্বাভাবিক

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ২২ এপ্রিল ২০২৬, ১৪:১৩

মধ্যপ্রাচ্যের সব রুটে ইউএস-বাংলার ফ্লাইট চলাচল স্বাভাবিক

দুবাই, শারজাহ, আবুধাবিসহ মধ্যপ্রাচ্যের সবকটি রুটে ফ্লাইট চলাচল স্বাভাবিক হওয়ার তথ্য দিয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। ইউএস-বাংলা বিজ্ঞপ্তিতে বুধবার বলেছে, প্রবাসী বাংলাদেশিদের নিরবচ্ছিন্ন সেবা দেওয়া লক্ষ্যে ইউএস-বাংলা এয়ারলাইন্সের আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনা শুরুর পর থেকেই মধ্যপ্রাচ্যের বিভিন্ন গন্তব্যে নিয়মিত সেবা দিয়ে আসছে।

তবে গত ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যে সৃষ্ট যুদ্ধাবস্থা ও বিভিন্ন নিষেধাজ্ঞার কারণে অন্যান্য আন্তর্জাতিক এয়ারলাইন্সের মত ইউএস-বাংলার ফ্লাইট সূচিতেও সাময়িক ব্যাঘাত ঘটে।

বর্তমানে পরিস্থিতির ‘উন্নতির হওয়ায়’ ইউএস-বাংলা এয়ারলাইন্স মধ্যপ্রাচ্যের সব কটি রুটে ফের স্বাভাবিক ফ্লাইট পরিচালনা শুরু করেছে।

এয়ারলাইন্সটি সংযুক্ত আরব আমিরাতের দুবাই, শারজাহ, আবুধাবি, ওমানের মাস্কাট, কাতারের দোহা, সৌদি আরবের রিয়াদ ও জেদ্দা রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনা করছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সর্বশেষ সংযোজন হিসেবে বৃহস্পতিবার থেকে ঢাকা-দোহা রুটে ফ্লাইট ফের চালু হচ্ছে। প্রতিদিন সন্ধ্যা সাড়ে ৭টা থেকে ঢাকা থেকে দোহার উদ্দেশে ফ্লাইট ছেড়ে যাবে এবং একই দিন স্থানীয় সময় রাত ১১টা ৩০ মিনিটে দোহা থেকে ঢাকার উদ্দেশে ফ্লাইট ছাড়বে।

ঢাকা-মাস্কাট রুটে সরাসরি ফ্লাইট পরিচালিত হলেও মাস্কাট থেকে ফ্লাইটটি চট্টগ্রাম হয়ে ঢাকায় অবতরণ করছে।

এছাড়া ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে প্রতিদিন দুবাই ফ্লাইট পরিচালিত হচ্ছে। আবুধাবী রুটে সপ্তাহে ছয়দিন (বৃহস্পতিবার বাদে) ও শারজাহ রুটে সপ্তাহে চারদিন ফ্লাইট পরিচালনা করছে ইউএস-বাংলা। সৌদি আরবের রিয়াদ রুটে সপ্তাহে পাঁচদিন ও জেদ্দা রুটে সপ্তাহে তিনদিন ফ্লাইট পরিচালনা করছে এয়ারলাইন্সটি।

ইউএস-বাংলা বলছে, মধ্যপ্রাচ্যের অধিকাংশ রুটে বোয়িং ৭৩৭-৮০০ এবং রিয়াদ ও জেদ্দা রুটে এয়ারবাস এ ৩৩০-৩০০ উড়োজাহাজ দিয়ে ফ্লাইট পরিচালিত হচ্ছে। বর্তমানে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বহরে ৩টি এয়ারবাস এ ৩৩০-৩০০, ৯টি বোয়িং ৭৩৭-৮০০ মিলে ২৫টি উড়োজাহাজ রয়েছে।

বর্তমান রুটগুলোর পাশাপাশি খুব শিগগিরই মদিনা ও দাম্মাম রুটে ফ্লাইট চালুর পরিকল্পনাও রয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্সের।

বাংলাদেশ জার্নাল/সিএম

  • সর্বশেষ
  • পঠিত