ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ আপডেট : ৬ ঘন্টা আগে
শিরোনাম

শিক্ষাখাতে জিডিপির ৬ ভাগ বরাদ্দের দাবি ডাকসুর এজিএসের

  ঢাবি প্রতিনিধি

প্রকাশ : ২৯ মার্চ ২০১৯, ২৩:২২

শিক্ষাখাতে জিডিপির ৬ ভাগ বরাদ্দের দাবি ডাকসুর এজিএসের

শিক্ষাখাতে বাংলাদেশের জিডিপির ৬ ভাগ বরাদ্দ দেওয়ার দাবি জানিয়েছেন ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক ও ডাকসুর এজিএস সাদ্দাম হোসেন।

শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জসিম উদদীন হল মাঠে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ দাবি করেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল শাখা ছাত্রলীগ এ আলোচনা সভার আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি।

বঙ্গবন্ধু হল শাখা ছাত্রলীগের সভাপতি বরিকুল ইসলাম বাধনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আল আমিন রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি ও আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, আওয়ামী লীগের উপ প্রচার সম্পাদক আমিনুল ইসলাম, ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদ হাসান রিপন, ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন, ঢাবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, বঙ্গবন্ধু হলের ভারপ্রাপ্ত প্রাধ্যক্ষ অধ্যাপক আবদুস সবুর খান, বঙ্গবন্ধু সংসদের নবনির্বাচিত ভিপি আকমল হোসেন, জিএস মেহেদী হাসান শান্ত ও এজিএস জুলফিকার হাসান পিয়াস।

তবে, ঢাবি ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস এবং ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও ডাকসুর জিএস গোলাম রাব্বানী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না। অনুষ্ঠানের শুরুতেই বনানীতে নিহতদের স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়।

সাদ্দাম হোসেন তার বক্তব্যে বলেন, আওয়ামী লীগ সরকার গত কয়েক বছরের বাজেটে শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে। এ ধারা অব্যাহত থাকবে আশা করি। সেই সঙ্গে শিক্ষাখাতে জিডিপির ৬ ভাগ বরাদ্দ দেওয়ার দাবি জানাচ্ছি।

এছাড়া ধর্মভিত্তিক রাজনীতির ব্যাপারে সাংবিধানিক সিদ্ধান্ত; একমুখী, বিজ্ঞানভিত্তিক ও সার্বজনীন শিক্ষাব্যবস্থা চালু; পাবলিক পরীক্ষা সীমিত করা বিশেষ করে সমাপনী ও জেএসসি পরীক্ষার চাপ শিক্ষার্থীরা নিতে পারে না উল্লেখ করে এসব পরীক্ষা বাদ দেওয়া; শিক্ষানীতির বাস্তবায়নের দাবি জানান।

এর বাইরে ঢাবির বঙ্গবন্ধু হলের নির্মাণাধীন বর্ধিত ভবনে বঙ্গবন্ধু কর্ণার ও হলের পুকুরে বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপন; বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে আন্তর্জাতিক সেমিনারের আয়োজন এবং তরুণদের সঙ্গে আওয়ামী লীগের পলিসি ডায়লগ আয়োজনের দাবি জানান সাদ্দাম।

আলোচনা সভায় ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদ হাসান রিপন বলেন, ডাকসু নির্বাচন দীর্ঘ ২৮ বছর পর অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনের ধারাবাহিকতা রক্ষা করতে হবে। একই সঙ্গে অন্য বিশ্ববিদ্যালয় ও কলেজ সংসদের নির্বাচনও দিতে হবে। এসব নির্বাচনে ছাত্রলীগকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। এজন্য ছাত্রলীগকে গোছাতে হবে।

ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন বলেন, বঙ্গবন্ধু দেশকে সুখী সমৃদ্ধশালী করার স্বপ্ন দেখেছিলেন। কিন্তু পঁচাত্তরের ১৫ আগস্ট সপরিবারে তাকে হত্যা করা হলে তিনি সে স্বপ্ন বাস্তবায়ন করতে পারেন নি। তার সুযোগ্য কন্যা শেখ হাসিনা নিরলস পরিশ্রম করে যাচ্ছেন বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার। সে স্বপ্ন বাস্তবায়নে আমাদেরকে মেধা, চিন্তা এবং মননে সবসময় দেশাত্ববোধ নিয়ে বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করতে হবে। সেখানেই বঙ্গবন্ধুর জন্মদিনের স্বার্থকতা নিহিত।

বাংলাদেশ জার্নাল/জেডআই

  • সর্বশেষ
  • পঠিত