ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ আপডেট : ৮ মিনিট আগে
শিরোনাম

পদ ছাড়লেন জবি অধ্যাপক আইনুল

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১৯ জুলাই ২০২৬, ২০:৫০

পদ ছাড়লেন জবি অধ্যাপক আইনুল

ছাত্রদল ও ছাত্রশক্তির বিক্ষোভের তিন দিন পর পদত্যাগ করলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মো. আইনুল ইসলাম। এ তথ্য দিয়ে রেজিস্ট্রার অধ্যাপক মো. শেখ গিয়াস উদ্দিন রোববার (১৯ জুলাই) সন্ধ্যায় তিনি বলেন, আজ অধ্যাপক মো. আইনুল ইসলাম সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন থেকে পদত্যাগপত্র জমা দিয়েছেন। কারণ হিসেবে তিনি ব্যক্তিগত ও পারিবারিক সমস্যার কথা উল্লেখ করেছেন। তার পদত্যাগ গৃহীত হয়েছে।

একইদিনে নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক শাওলী মাহবুবকে সামাজিক অনুষদের ডিন হিসেবে দায়িত্ব দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অধ্যাপক শাওলী মাহবুবকে দুই বছরের জন্য এ দায়িত্ব দেওয়া হয়েছে, যা ২০ জুলাই থেকে কার্যকর হবে।

পদত্যাগের বিষয়ে জানতে চাইলে অধ্যাপক আইনুল গণমাধ্যমকে বলেন, আমি উপাচার্য ও রেজিস্ট্রার বরাবর পৃথক দুটি পদত্যাগপত্র জমা দিয়েছি। এ বিষয়ে তারাই বিস্তারিত বলতে পারবেন।

পদত্যাগের কারণ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, উদ্ভূত পরিস্থিতিতে আমার পক্ষে ডিনের দায়িত্ব পালন করা সম্ভব হচ্ছে না বিধায় আমি পদত্যাগ করেছি।

তবে বৃহস্পতিবার অধ্যাপক আইনুল গণমাধ্যমকে বলেছিলেন তিনি নিয়োগ পাওয়ার পর পদত্যাগের কথা ভাবলেও বিক্ষোভের পর তিনি এ বিষয়ে ভাবছেন না। তিন দিন পর সিদ্ধান্ত পাল্টে তিনি পদত্যাগ করলেন।

গেল ১২ জুলাই অর্থনীতি বিভাগের অধ্যাপক আইনুল ইসলামকে দুই বছরের জন্য সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন হিসেবে দায়িত্ব দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর চার দিনের মাথায় বৃহস্পতিবার ছাত্রদল ও ছাত্রশক্তির বিক্ষোভের মুখে তাকে ক্যাম্পাস ছাড়তে হয়।

আন্দোলনকারীদের অভিযোগ, জুলাই অভ্যুত্থানের সময় অধ্যাপক আইনুল ইসলামের ভূমিকা বিতর্কিত ছিল। তিনি আওয়ামী লীগপন্থি শিক্ষক রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। ২০২৪ সালের ৩ অগাস্ট সরকার পতনের দুই দিন আগেও গণভবনে একটি বৈঠকে অংশ নিয়েছিলেন তিনি।

অধ্যাপক আইনুল ইসলাম বাংলাদেশ অর্থনীতি সমিতির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ও নীল দলের সভাপতির দায়িত্ব পালন করেছেন। সবশেষ জুলাই গণঅভ্যুত্থানের সময় তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের দায়িত্বে ছিলেন।

বাংলাদেশ জার্নাল/সিএম

  • সর্বশেষ
  • পঠিত