ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ আপডেট : ৫ ঘন্টা আগে
শিরোনাম

ঢাকায় চলছে রাজিব আহাসেনের প্রথম একক প্রদর্শনী ‘এমব্রেস অফ দ্য আর্থ’

  সাংস্কৃতিক প্রতিবেদক

প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৬, ২১:৩৯

ঢাকায় চলছে রাজিব আহাসেনের প্রথম একক প্রদর্শনী ‘এমব্রেস অফ দ্য আর্থ’
ছবি: সংগৃহীত

অ্যালিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকায় শুরু হয়েছে বাংলাদেশি শিল্পী রাজিব আহাসেনের প্রথম একক শিল্পপ্রদর্শনী ‘এমব্রেস অফ দ্য আর্থ’। ২৪ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ৬টায় লা গ্যালারি, অ্যালিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকায় এই প্রদর্শনীর উদ্বোধন করা হয়। এতে বিশিষ্ট অতিথিবৃন্দ, শিল্পানুরাগী এবং সাংস্কৃতিক অঙ্গনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি আরও মর্যাদাপূর্ণ হয়ে ওঠে মফিদুল হক—ট্রাস্টি, মুক্তিযুদ্ধ জাদুঘর এবং নির্বাহী সদস্য, অ্যালিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকা; শিল্পসমালোচক মইনুদ্দিন খালেদ; প্রখ্যাত শিল্পী প্রফেসর জামাল আহমেদ; এবং কামাল উদ্দিন—সহযোগী অধ্যাপক, অঙ্কন ও চিত্রাঙ্কন বিভাগ, চারুকলা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়—এর উপস্থিতিতে।

‘এমব্রেস অফ দ্য আর্থ’ একটি গভীর ব্যক্তিগত ও আবেগঘন শিল্প-উপস্থাপনা, যা স্মৃতি, স্থান এবং রূপান্তরের অভিজ্ঞতার ভেতর থেকে নির্মিত। জলরং ও অ্যাক্রিলিকে নির্মিত প্রায় ছত্রিশটি চিত্রকর্ম নিয়ে এই প্রদর্শনী গ্রামীণ জীবনের অন্তরঙ্গতা এবং নগর জীবনের পরিবর্তিত বাস্তবতার মধ্যে একটি দৃশ্যমান সেতুবন্ধন তৈরি করেছে।

শৈশব ও কৈশোরে গ্রামের মাটির পথ, খাল-বিল, নদীর পাড় এবং কৃষিনির্ভর জীবনের ছন্দের ভেতর বেড়ে ওঠা রাজিব আহসেন তাঁর শিল্পচর্চায় কৃত্রিম বয়ানের পরিবর্তে জীবনের বাস্তব অভিজ্ঞতাকেই প্রধান উৎস হিসেবে গ্রহণ করেছেন। সাধারণ মানুষের জীবন ও তাদের সরল সৌন্দর্য তাঁর শিল্পভাষাকে স্বতঃস্ফূর্তভাবে নির্মাণ করেছে।

প্রদর্শনীতে শিল্পী গ্রামীণ জীবনের উন্মুক্ততা থেকে নগর জীবনের কাঠামোবদ্ধ ও জটিল বাস্তবতায় তাঁর পরিবর্তনের অভিজ্ঞতা তুলে ধরেছেন। চিত্রকর্মগুলোতে নস্টালজিয়া, অভিযোজন এবং পরিচয়ের প্রশ্ন একে অপরের সঙ্গে মিশে গেছে। প্রাণবন্ত তুলির আঁচড়, স্তরবিন্যাসপূর্ণ টেক্সচার এবং আলো-রঙের সূক্ষ্ম ব্যবহারে প্রতিটি কাজ স্মৃতি ও বর্তমানের এক অনন্য সংলাপ সৃষ্টি করেছে।

‘এমব্রেস অফ দ্য আর্থ’ কেবল শিল্পীর শৈশবের মানুষ ও ভূদৃশ্যের প্রতি শ্রদ্ধাঞ্জলি নয়, বরং এটি আত্মপরিচয়, সংযোগ এবং পরিবর্তনের এক অনুসন্ধান। প্রদর্শনীটি দর্শকদের থামতে, ভাবতে এবং মাটি, স্মৃতি ও আত্মপরিচয়ের মৌলিক সম্পর্ক নতুনভাবে অনুভব করতে আহ্বান জানায়।

রাজিব আহাসেন একজন বাংলাদেশি শিল্পী, যার শিল্পচর্চা ব্যক্তিগত অভিজ্ঞতা এবং স্থান ও স্মৃতির সঙ্গে গভীরভাবে যুক্ত। তিনি ২০১৪ সালে একটি কওমি মাদ্রাসা থেকে মাওলানা ডিগ্রি (মাস্টার্স সমমান) সম্পন্ন করেন এবং দেশীয় ও আন্তর্জাতিক বিভিন্ন প্রদর্শনীতে অংশগ্রহণ করেছেন। এর মধ্যে রয়েছে ঢাকা শিল্পকলা একাডেমির ৬ষ্ঠ ফ্রেন্ডশিপ আর্ট এক্সিবিশন, ৭ম কাহাল ইন্টারন্যাশনাল আর্ট এক্সিবিশন এবং জাপানের টোকিওতে অনুষ্ঠিত ৮ম কাহাল ইন্টারন্যাশনাল আর্ট ফেয়ার।

প্রদর্শনীটি ২৪ থেকে ২৬ এপ্রিল ২০২৬ পর্যন্ত প্রতিদিন বিকাল ২টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।

বাংলাদেশ জার্নাল/এনএম

  • সর্বশেষ
  • পঠিত