ঢাকা-কলকাতার শিল্পীদের নিয়ে ‘তাজমহল’
বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৭ মে ২০২৬, ১৫:২৩

সীমান্তের দুই প্রান্তের দুইটি হৃদয়ের এক হওয়ার গল্প নিয়ে নির্মিত হয়েছে ওয়েব ফিল্ম ‘তাজমহল’।
ঈদে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে মুক্তি পাচ্ছে সিনেমাটি। এতে অভিনয় করেছেন কলকাতার পরিচিত মুখ সৃজা দত্ত ও দেশের নতুন অভিনেতা ফাইজুল ইয়ামিন।
বিজ্ঞপ্তিতে বঙ্গ জানিয়েছে, ওয়েব ফিল্মটি প্রচার হবে ঈদুল আজহার দিন।
‘তাজমহল’ দিয়ে দীর্ঘ ১১ বছরের বিরতি ভেঙে আবারও পরিচালকের আসনে ফিরছেন নির্মাতা ওয়াহিদ আনাম।
সিনেমাটি নিয়ে বঙ্গ বিজ্ঞপ্তিতে বলছে, “দীর্ঘ এক দশকেরও বেশি সময় পর চেনা ছন্দের বাইরে গিয়ে এবার এক ভিন্নধর্মী রোমান্টিক গল্প নিয়ে হাজির হচ্ছেন নির্মাতা আনাম। আর প্রেমের এই গল্পে ফাইজুল-সৃজা নতুন জুটির রসায়ন, নির্মাণশৈলী সবকিছুর এক চমৎকার সমন্বয় দেখা যাবে ‘তাজমহল’ সিনেমায়। দর্শকদের সিনেমাটি পছন্দ হবে এমনটাই প্রত্যাশা আমাদের।”
কলকাতার সৃজা দত্তকে দেখা গেছে সেখানকার জনপ্রিয় নায়ক দীপক অধিকারী দেবের বিপরীতে ‘বাঘা যতীন’ সিনেমায়, সৃজিত মুখার্জির ‘টেক্কা’ এবং হইচইয়ের ‘নিশির ডাক’ সিরিজে।
সিনেমার দৃশ্য ধারণের কাজ হয়েছে সিলেট অঞ্চলে। সেখানকার ভাষাও শিখতে হয়েছে সৃজাকে।
আর ফাইজুল ইয়ামিন পরিচালক রায়হান রাফীর ‘প্রেশার কুকার’ চলচ্চিত্রে কাজ করেছে; এছাড়াও নাটক ‘পেজ টার্নার’ এবং ‘নীলাঞ্জনা এক্সপ্রেস’এ অভিনয় করেছেন ফাইজুল।
আর নির্মাতা আনাম এর আগে নির্মাণ করেছেন ‘পাড়ি’, ‘ছিন্ন’ ও টেলিফিল্ম ‘চক্র’।
বাংলাদেশ জার্নাল/এসআইপি










