ঈদে আসছে নূরজাহান বেগমের আবেগঘন গল্প ‘তোমার আমার প্রেম’
জার্নাল ডেস্ক
প্রকাশ : ২৭ মে ২০২৬, ১৫:৩০ আপডেট : ২৭ মে ২০২৬, ১৫:৫৩

ঈদ উপলক্ষে দর্শকদের জন্য আসছে বিশেষ নাটক ‘তোমার আমার প্রেম’, যেখানে কেন্দ্রীয় চরিত্রে থাকছেন এক নিঃসঙ্গ বৃদ্ধা নারী নূরজাহান বেগম।
গল্পটি এক সম্ভ্রান্ত খন্দকার পরিবারের, যাদের একসময়কার জৌলুস এখন অতীত। পুরোনো বাড়ির দেয়ালে জমেছে শ্যাওলা, আর সেই ভাঙা স্মৃতির মাঝেই একমাত্র প্রাণ হয়ে আছেন নূরজাহান বেগম। তিনি এখনও পরিবারের ঐতিহ্য ও স্মৃতিকে আঁকড়ে ধরে বেঁচে আছেন।
নাটকটি চিত্রনাট্য করেছেন অর্ক মোস্তফা এবং নির্মাণ করেছেন ইমরোজ শাওন। নির্মাতা জানান, শুরুতে গল্পটি নূরজাহান বেগমকে কেন্দ্র করে থাকলেও ধীরে ধীরে এতে যুক্ত হয় তার বংশধরদের জীবন, সম্পর্ক ও আবেগের টানাপোড়েন।
নূরজাহান বেগম চরিত্রে অভিনয় করেছেন দিলারা জামান। বিভিন্ন চরিত্রে আরও আছেন ফারহান আহমেদ জোভান, তানজিম সাইয়ারা তটিনী, ফারিণ খান, সুদীপসহ অনেকে।
প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, এবারের ঈদের বিশেষ আয়োজন হিসেবে ‘তোমার আমার প্রেম’ দর্শকদের জন্য বিশেষ আকর্ষণ হবে। নাটকটি মুক্তি পাবে সিএমভি’র ঈদ আয়োজনে।
নির্মাতা ইমরোজ শাওন বলেন, এই গল্পে মূল আবেগ তৈরি হয়েছে পারিবারিক সম্পর্ক, স্মৃতি এবং প্রজন্মের টানাপোড়েনকে ঘিরে, যেখানে নূরজাহান বেগমই পুরো গল্পের আবেগের কেন্দ্রবিন্দু।
বাংলাদেশ জার্নাল/এনএম










