ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ আপডেট : কিছুক্ষণ আগে
শিরোনাম

সোনালি পর্দার তারকাদের স্মৃতির আড্ডা

  বিনোদন প্রতিবেদক

প্রকাশ : ১৮ জুন ২০২৬, ১৭:১৪

সোনালি পর্দার তারকাদের স্মৃতির আড্ডা
ছবি: সংগৃহীত

আসার কথা ছিল সাত জনের। তারা সবাই বাংলা চলচ্চিত্রের ষাট, সত্তর ও আশির দশকের মহাতারকা। চ্যানেল আইয়ের মূল ফটক থেকে সাজানো হয়েছিল এইসব তারকার সোনালি যুগের ছবি দিয়ে।

তারা হলেন—শবনম, সুচন্দা, উজ্জ্বল, সোহেল রানা, আনোয়ারা, আলমগীর এবং ববিতা। তবে অনুষ্ঠানে উপস্থিত হন পাঁচ জন। সোহেল রানা এবং আনোয়ারা অসুস্থতা জনিত কারণে আসতে পারেননি।

বাকি পাঁচ জন লাল কার্পেট বিছানো পথে হেঁটে অনুষ্ঠানে প্রবেশ করেন। সেই মুহূর্তটি উপস্থিত সবার জন্য ছিল আবেগঘন ও স্মৃতিময়।

তাদের স্বাগত জানান চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর এবং সিনিয়র চলচ্চিত্র সাংবাদিক আবদুর রহমান।

এরপর পুরো দিনজুড়ে চ্যানেল আইতে চলে তারকাদের স্মৃতিচারণ ও আড্ডা। দীর্ঘদিন পর অনেকেই একে অপরের সঙ্গে দেখা করেন। স্মৃতির ডালির ঝাঁপি খুলে তারা প্রাণভরে আড্ডা দেন এবং ব্যক্তিগত ও অভিনয় জীবনের অজানা নানা গল্প শেয়ার করেন।

চ্যানেল আইয়ের সুসজ্জিত স্টুডিওতে সিনিয়র চলচ্চিত্র সাংবাদিক আবদুর রহমান তাদের নিয়ে আরেকটি বিশেষ আড্ডা পরিচালনা করেন। সেখানে তারা চলচ্চিত্রের বাইরের জীবন, যা এতদিন প্রকাশ পায়নি, সেইসব বিষয় নিয়েও কথা বলেন।

আষাঢ়ের প্রথম দিন ১৫ জুন আয়োজিত এই আড্ডায় উঠে আসে বৃষ্টিতে শুটিং করার স্মৃতি, প্রিয় নায়ক-নায়িকা, প্রিয় গানসহ বহু বিষয়। তারা স্মৃতিচারণে মেতে ওঠেন পুরো সময় জুড়ে।

অনুষ্ঠান শেষে চ্যানেল আইয়ের পক্ষ থেকে অতিথিদের উপহার দেওয়া হয়। উপহারের মধ্যে ছিল ঘোড়া, হাতি, পুতুলসহ বিভিন্ন খেলনা সামগ্রী। পাশাপাশি তাদের নাম ও ছবি সংবলিত ক্রেস্ট এবং ফুলের তোড়া দেওয়া হয়।

পুরো অনুষ্ঠানটি চ্যানেল আই ধারণ করেছে এবং খুব শিগগিরই এটি চ্যানেল আইতে প্রচার করা হবে। অনুষ্ঠানটির পরিচালনা করেন ইফতেখার মুনিম।

বাংলাদেশ জার্নাল/এনএম

  • সর্বশেষ
  • পঠিত