বিশ্ব সংগীত দিবসে শিল্পকলা একাডেমিতে দুই দিনব্যাপী সংগীত উৎসব
জার্নাল ডেস্ক
প্রকাশ : ২০ জুন ২০২৬, ১৮:৫৮

মানবসভ্যতার দীর্ঘ অভিযাত্রায় সংগীত কখনো উৎসবের ভাষা, কখনো প্রতিবাদের উচ্চারণ, আবার কখনো আত্মার আশ্রয় ও সময়ের দলিল হিসেবে কাজ করে এসেছে। শব্দের সীমা অতিক্রম করে সুর মানুষের গভীর অনুভূতিকে রূপ দেয় এবং মানুষকে মানুষে, সংস্কৃতিকে সংস্কৃতিতে, প্রজন্মকে প্রজন্মে যুক্ত করে।
এই বিশ্বজনীন শিল্পধারার প্রতি শ্রদ্ধা জানাতে এবং সংগীতচর্চার বহুমাত্রিক ঐতিহ্যকে ধারণ করে বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে ২১ জুন বিশ্ব সংগীত দিবস ২০২৬ পালন করা হবে। এ উপলক্ষে ২১ ও ২২ জুন দুই দিনব্যাপী ‘সংগীত উৎসব’-এর আয়োজন করা হয়েছে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় দেশের বিশিষ্ট ও নবীন সংগীতশিল্পীদের পরিবেশনায় এই উৎসব সুর, সৌন্দর্য ও সাংস্কৃতিক সম্মিলনের এক অনন্য আয়োজন হিসেবে উপস্থাপিত হবে।
আগামী ২১ জুন সন্ধ্যা সাড়ে ৬টায় জাতীয় নাট্যশালা মিলনায়তনে অনুষ্ঠানের উদ্বোধন হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরী এমপি। বিশেষ অতিথি হিসেবে থাকবেন প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এমপি এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গীতিকার মনিরুজ্জামান মনির। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি শেখ রেজাউদ্দিন আহমেদ (রেজাউদ্দিন স্টালিন)। স্বাগত বক্তব্য দেবেন একাডেমির সচিব মোহাম্মদ জাকির হোসেন।
দ্বিতীয় দিন ২২ জুন সন্ধ্যা সাড়ে ৬টায় একই স্থানে অনুষ্ঠানের আয়োজন করা হবে। এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী জহির উদ্দিন স্বপন এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক এমরান সালেহ প্রিন্স। সম্মানিত অতিথি হিসেবে থাকবেন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর সদস্য সচিব জাকির হোসেন রোকন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলা।
উভয় দিন সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে সংগীত পরিবেশনা। এতে দেশের জনপ্রিয় ও বরেণ্য শিল্পীরা সংগীত পরিবেশন করবেন। প্রথম দিনের আয়োজনে আগুন, ফাহমিদা নবী, মিতা খন্দকার, মনির খান, অনিমা রায়, শফি মন্ডল, আলিফ আলাউদ্দিনসহ আরও অনেক শিল্পী দেশের গান পরিবেশন করবেন। পাশাপাশি চীন ও জাপান দূতাবাসের আমন্ত্রিত শিল্পীরাও সংগীত পরিবেশন করবেন।
দুই দিনব্যাপী এই সংগীত উৎসব সবার জন্য উন্মুক্ত থাকবে বলে জানানো হয়েছে।
বাংলাদেশ জার্নাল/এনএম










