ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ আপডেট : ১১ মিনিট আগে
শিরোনাম

দিল্লির শিক্ষার্থীদের আন্দোলনে সমর্থন জানালেন সালমান খান

  বিনোদন ডেস্ক

প্রকাশ : ২৩ জুলাই ২০২৬, ১৫:১৭  
আপডেট :
 ২৩ জুলাই ২০২৬, ১৬:০৮

দিল্লির শিক্ষার্থীদের আন্দোলনে সমর্থন জানালেন সালমান খান
ছবি: সংগৃহীত

শিক্ষার্থীদের চলমান আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে এবার মুখ খুলেছেন বলিউড তারকা সালমান খান। এক্স দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি প্রশ্নপত্র ফাঁসকে ‘অত্যন্ত গুরুতর বিষয়’ বলে উল্লেখ করেছেন। একই সঙ্গে তিনি আহ্বান জানিয়েছেন, শিক্ষার্থীদের আন্দোলনকে যেন রাজনৈতিক রূপ না দেওয়া হয়।

সালমান খান লিখেছেন, ‘এটি ছিল অত্যন্ত শান্তিপূর্ণ একটি আন্দোলন। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, শেষ পর্যন্ত এটি সহিংস রূপ নিয়েছে। যেসব শিক্ষার্থী ও তাঁদের পরিবারের সদস্যরা আহত হয়েছেন, তাঁদের প্রতি আমার আন্তরিক সমবেদনা। প্রশ্নপত্র ফাঁস অত্যন্ত গুরুতর বিষয়। আমাদের দেশের তরুণেরা উন্নত শিক্ষাব্যবস্থার দাবিতে একজোট হয়েছে এবং তাঁদের অভিভাবকেরাও পাশে দাঁড়িয়েছেন, এটি দেখে আমি আনন্দিত।’

অভিনেতার মতে, শিক্ষার্থীরা নিষ্ঠা, সততা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজেদের ভবিষ্যৎ গড়তে এবং আরও শিক্ষিত ভারত গঠনের যে আগ্রহ দেখিয়েছে, তা প্রশংসার দাবি রাখে। তিনি লেখেন, ‘আমি তাঁদের এই উদ্যোগকে সত্যিই সাধুবাদ জানাই। আন্দোলন বা প্রতিবাদ গণতান্ত্রিক অধিকারের অংশ, আর শিক্ষার্থীরা তা শান্তিপূর্ণভাবেই করেছে। শিক্ষা নিয়ে উৎসাহী এই প্রজন্ম একদিন ভারতের মুখ উজ্জ্বল করবে।’

পোস্টের শেষাংশে সালমান খান আন্দোলনের রাজনৈতিক ব্যাখ্যার বিরোধিতা করেন। তিনি বলেন, ‘এটি শিক্ষার্থী ও শিক্ষাব্যবস্থার বিষয়। একে রাজনৈতিক রং দেওয়া উচিত নয়। এই কৃতিত্ব দেশের শিক্ষার্থীদেরই প্রাপ্য। আমার বিশ্বাস, সরকারও তাঁদের পাশে থাকবে এবং শিক্ষাব্যবস্থাকে আরও শক্তিশালী করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। যারা শিক্ষিত হতে চায়, ঈশ্বর তাদের সবার মঙ্গল করুন।’

শিক্ষাব্যবস্থায় সংস্কার এবং সংশ্লিষ্ট দায়িত্বশীল ব্যক্তির পদত্যাগের দাবিতে রাজধানী দিল্লিতে শিক্ষার্থীদের আন্দোলন শুরু হয়। সংসদ অভিমুখে পদযাত্রার চেষ্টা করলে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, পুলিশ লাঠিপেটা ও কাঁদানে গ্যাস ব্যবহার করেছে, যার ফলে অসংখ্য ছাত্রছাত্রী আহত এবং অসুস্থ হয়েছেন। তবে এ ঘটনায় উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে সহিংসতার অভিযোগ তুলেছে।

এই আন্দোলন নিয়ে এরই মধ্যে চলচ্চিত্র অঙ্গনের আরও কয়েকজন তারকা শিক্ষার্থীদের প্রতি সমর্থন জানিয়েছেন। এবার সেই তালিকায় যোগ হলো সালমান খানের নাম।

বাংলাদেশ জার্নাল/এসআইপি

  • সর্বশেষ
  • পঠিত