ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ আপডেট : ৫ ঘন্টা আগে
শিরোনাম

সৌদির আপত্তিতে সুদানে পাকিস্তানের অস্ত্র বিক্রি স্থগিত

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২১ এপ্রিল ২০২৬, ১৩:১৩

সৌদির আপত্তিতে সুদানে পাকিস্তানের অস্ত্র বিক্রি স্থগিত
ছবি: সংগৃহীত

সৌদি আরবের আপত্তির মুখে সুদানে দেড়শ কোটি ডলারের অস্ত্র ও যুদ্ধবিমান বিক্রি স্থগিত রেখেছে পাকিস্তান।

অস্ত্র কেনায় অর্থায়ন করা হবে না জানিয়ে রিয়াদ ইসলামাবাদকে এ সংক্রান্ত চুক্তিটি বাতিল করতেও অনুরোধ করেছে বলে পাকিস্তানের দুটি নিরাপত্তা সূত্র ও একটি কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

সুদানে সেনাবাহিনী ও আধাসামরিক র‌্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) মধ্যে প্রায় তিন বছর ধরে চলা সংঘাতে ভয়াবহ মানবিক সঙ্কট সৃষ্টি হয়েছে। লোহিত সাগর তীরবর্তী দেশটি পরিণত হয়েছে বিদেশি শক্তিগুলোর স্বার্থের লড়াইয়ের স্থানেও। এসবই বিশ্বের অন্যতম বড় স্বর্ণ উৎপাদক দেশটিকে টুকরো টুকরো করে ফেলার ঝুঁকিতে ফেলেছে।

জানুয়ারিতে রয়টার্সই প্রথম এক প্রতিবেদনে সৌদি আরবের মধ্যস্থতায় দেশটির পাকিস্তানের অস্ত্র বিক্রি চুক্তি চূড়ান্ত পর্যায়ে আছে বলে জানিয়েছিল। কিন্তু তাতে সৌদি আরবই যে অর্থায়ন করছে, সেসময় সেটি জানা যায়নি।

গত বছরের মে-তে ভারতের সঙ্গে কয়েক দিনের যুদ্ধে পাকিস্তানের যুদ্ধবিমান ও ক্ষেপণাস্ত্র ব্যবস্থাপনার দক্ষতা সাড়া ফেলার পর পাকিস্তানের সামরিক বাহিনী একাধিক অস্ত্র বিক্রি চুক্তির আলোচনায় নেমেছিল; সুদানে দেড়শ কোটি ডলারের অস্ত্রশস্ত্র ও যুদ্ধবিমান বিক্রির আলোচনা ছিল তার একটি।

সৌদি আরব পাকিস্তানের ঘনিষ্ঠ মিত্র। ইসলামাবাদের পড়ন্ত অর্থনীতিকে টেনে তুলতে রিয়াদ ঋণ, অর্থায়নসহ নানাভাবে সহযোগিতাও করে আসছে।

গত বছর দেশ দু’টির মধ্যে পারস্পরিক প্রতিরক্ষা চুক্তিও হয়েছে, এতে কোনো দেশ আক্রান্ত হলে তা এখন দুই দেশের ওপরই আক্রমণ বলে গণ্য হবে।

“অর্থায়নের চিন্তা বাদ দেওয়ার পর সৌদি আরব চুক্তিটি বাতিলে পাকিস্তানকে সঙ্কেত দিয়েছে,” বলেছে একটি নিরাপত্তা সূত্র।

এ প্রসঙ্গে মন্তব্য চাইলেও রয়টার্স সৌদি সরকারের মিডিয়া দপ্তর ও সুদানের সশস্ত্র বাহিনীর তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পায়নি।

পাকিস্তানের সামরিক বাহিনীও তাৎক্ষণিকভাবে কিছু বলেনি। সুদানের সঙ্গে চুক্তি প্রক্রিয়াধীন থাকার সময়ও পাকিস্তানের সামরিক বাহিনী বা বিমানবাহিনী এ সংক্রান্ত কিছু নিশ্চিত করেনি।

নিরাপত্তা সূত্রটি রয়টার্সকে জানায়, একাধিক পশ্চিমা দেশ রিয়াদকে আফ্রিকায় ‘প্রক্সি যুদ্ধ’ থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছে।

সুদানসহ ওই অঞ্চলের সংঘাতপূর্ণ অনেক দেশেই দেখা যাচ্ছে—সৌদি আরব যে পক্ষকে সমর্থন করছে, তার বিরুদ্ধে যুদ্ধরত অংশের সমর্থনে দাঁড়াচ্ছে সংযুক্ত আরব আমিরাত।

আবুধাবি ও রিয়াদ উভয়েই মুখে সুদান সঙ্কটের কূটনৈতিক সমাধান চাইলেও সৌদি আরব খোলামেলাভাবেই আফ্রিকার দেশটির সেনাবাহিনীর পক্ষে বাজি ধরে আসছে। অন্যদিকে সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে অভিযোগ, তারা আরএসএফ-কে সব ধরনের লজিস্টিকাল সহযোগিতা দিয়ে আসছে। আবুধাবি আনুষ্ঠানিকভাবে এ অভিযোগ অস্বীকার করেছে।

মার্চে সৌদি কর্তৃপক্ষ ও সুদানের শীর্ষ সেনা কর্মকর্তাদের এক বৈঠকের পরই অস্ত্র কেনার ওই চুক্তিতে সৌদি অর্থায়নের প্রস্তাব বাতিল হয়ে যায়, বলছে নিরাপত্তা সূত্রটি।

পাকিস্তানের সঙ্গে লিবিয়ান ন্যাশনাল আর্মির (এলএনএ) হওয়া আরেকটি ৪০০ কোটি ডলারের যে চুক্তির কথা ডিসেম্বরে রয়টার্স জানিয়েছিল, তাও ‘খাদের কিনারে’ আছে, কারণ সৌদি আরব দুই দেশেই তাদের ‘কৌশল পুনর্বিবেচনা করছে’, বলেছে দ্বিতীয় নিরাপত্তা সূত্র।

বাংলাদেশ জার্নাল/এনএম

  • সর্বশেষ
  • পঠিত