ট্রাম্পের হুঁশিয়ারি, ফের হামলার মুখে ইরান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ২০ মে ২০২৬, ১২:০২

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানে আবার হামলা চালানোর প্রয়োজন হতে পারে এবং হামলার সিদ্ধান্ত স্থগিত করার আগে তিনি একটি সামরিক অভিযানের নির্দেশ দেওয়ার খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন।
মঙ্গলবার হোয়াইট হাউজে সাংবাদিকদের ট্রাম্প বলেন, “আজই শুরু করার (ইরানে ফের হামলা) সিদ্ধান্ত নেওয়ার আর এক ঘণ্টা বাকি ছিল।”
এর আগে সোমবার ট্রাম্প জানিয়েছিলেন, ইরান নতুন একটি প্রস্তাব দেওয়ায় তিনি হামলার পরিকল্পনা স্থগিত করেছেন। ওই প্রস্তাবের উদ্দেশ্য ছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধের অবসান ঘটানো।
ট্রাম্প দাবি করেন, ইরানের নেতারা এখন একটি চুক্তির জন্য “অনুনয় বিনয় করছে”। তবে সামনের দিনগুলোতে কোনো সমঝোতা না হলে যুক্তরাষ্ট্র আবার হামলা চালাতে পারে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ইসরায়েলকে সঙ্গে নিয়ে তিন মাস আগে শুরু হওয়া এই সংঘাতের অবসান ঘটাতে হিমশিম খাচ্ছে যুক্তরাষ্ট্র। এর আগেও ট্রাম্প যুদ্ধ বন্ধে চুক্তির আশা প্রকাশ করেছিলেন। একই সঙ্গে সতর্ক করেছিলেন, সমঝোতা না হলে ইরানের বিরুদ্ধে “ভয়াবহ হামলা” চালানো হবে।
যুদ্ধ শুরুর পর থেকেই ইরান হরমুজ প্রণালি বন্ধ করে রেখেছে। বিশ্বের জ্বালানি পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ এই জলপথ দিয়ে বৈশ্বিক জ্বালানি সরবরাহের প্রায় ২০ শতাংশ পরিবাহিত হয়। প্রণালি বন্ধ থাকায় বিশ্ববাজারে জ্বালানি সংকট তৈরি হয়েছে।
যুক্তরাষ্ট্রেও গ্যাসের দাম বেড়ে গেছে। নভেম্বরের মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে এ পরিস্থিতি ট্রাম্প প্রশাসনের ওপর রাজনৈতিক চাপ বাড়িয়েছে। ফলে হরমুজ প্রণালি খুলে দেওয়ার মতো একটি চুক্তিতে পৌঁছাতে ট্রাম্পের ওপর দেশীয় চাপও বাড়ছে।
ইরানে নতুন করে হামলার আশঙ্কায় সোমবার আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বেড়ে দুই সপ্তাহের মধ্যে সর্বোচ্চ অবস্থানে পৌঁছায়।
তবে মঙ্গলবার মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স আলোচনায় অগ্রগতির ইঙ্গিত দেন। তিনি বলেন, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে আলোচনায় “অনেক অগ্রগতি” হয়েছে এবং নতুন করে সামরিক সংঘাত শুরু হোক, তা কোনো পক্ষই চায় না।
ভ্যান্স বলেন, “আমরা এখন বেশ ভালো অবস্থানে আছি।”
তার এমন মন্তব্যের পর মঙ্গলবার আন্তর্জাতিক বাজারে তেলের দাম কিছুটা কমে আসে।
বাংলাদেশ জার্নাল/এনএম










