ঢাকা, রোববার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ আপডেট : ২ ঘন্টা আগে
শিরোনাম

চীনা কোম্পানির জন্য সরকারি দরপত্র উন্মুক্ত করলো ভারত সরকার

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ০৩ জুলাই ২০২৬, ২১:১৩  
আপডেট :
 ০৩ জুলাই ২০২৬, ২১:২০

চীনা কোম্পানির জন্য সরকারি দরপত্র উন্মুক্ত করলো ভারত সরকার
চীনের তিয়ানজিয়ানে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের (এসসিও) সাইডলাইনে দ্বিপক্ষীয় বৈঠকে হাত মেলান চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ছবি: সংগৃহীত

বিদ্যুৎ প্রকল্পের সরকারি দরপত্রে চীনের চার কোম্পানিকে অংশগ্রহণের অনুমতি দিয়েছে ভারত সরকার।

ভারতের অর্থ মন্ত্রণালয়ের ২৪ জুনের এক আদেশের বরাতে এ খবর দিয়েছে রয়টার্স।

ওই আদেশকে উদ্ধৃত করে রয়টার্স লিখেছে, টিবিইএ এনার্জি, নানজিং ইলেকট্রিক ইন্ডিয়া, নিউ নর্থইস্ট ইলেকট্রিক ইন্ডিয়া ও তাইকাই ইলেকট্রিককে (ইন্ডিয়া) এই অনুমতি দেওয়া হচ্ছে।

আদেশে বলা হয়েছে, ভারতে উৎপাদন ইউনিট রয়েছে এবং গুরুত্বপূর্ণ বিদ্যুৎ প্রকল্পে যুক্ত—এমন কোম্পানির জন্য এই অনুমোদনের সুযোগ চেয়ে গত জানুয়ারিতে আবেদনটি করেছিল দেশটির বিদ্যুৎ মন্ত্রণালয়।

গত জানুয়ারিতে রয়টার্সের খবরে বলা হয়, সীমান্তে উত্তেজনা কমে আসায় সরকারি চুক্তিতে চীনা কোম্পানিগুলোর ওপর থেকে বিধিনিষেধ শিথিল করার বিষয়টি ভারত বিবেচনা করে দেখছে।

২০২০ সালে সীমান্তে দুই দেশের সংঘর্ষের ঘটনায় ভারতে চীনের কোম্পানিগুলোর কাজ পাওয়া কঠিন হয়ে পড়ে। ওই সময় থেকে সরকারি দরপত্রে অংশ নেওয়ার ক্ষেত্রে তাদের সরকারি কোনো প্যানেলে নিবন্ধিত হওয়া এবং রাজনৈতিক ও নিরাপত্তাসংক্রান্ত ছাড়পত্র থাকাটা বাধ্যতামূলক করা হয়।

রয়টার্স লিখেছে, চীনের কোম্পানিকে ছাড় দেওয়ার সিদ্ধান্ত এমন সময় এল, যখন ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা মেটাতে এবং নবায়নযোগ্য জ্বালানির সক্ষমতা বাড়াতে ভারত সরকার সঞ্চালন লাইনের দ্রুত প্রসার ঘটাতে চাইছে।

সরকারের ওই আদেশে বলা হয়েছে, এই অনুমোদন আদেশ জারির তারিখ থেকে দুই বছর পর্যন্ত কার্যকর থাকবে। এই ছাড় অন্যকোনো কোম্পানির ক্ষেত্রে প্রযোজ্য হবে না বলে আদেশে লেখা রয়েছে।

বাংলাদেশ জার্নাল/এসআইপি

  • সর্বশেষ
  • পঠিত