ঢাকা, রোববার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ আপডেট : ২২ মিনিট আগে
শিরোনাম

খামেনির জানাজা নিয়ে ট্রাম্পের মন্তব্যে বিস্ময়

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ০৫ জুলাই ২০২৬, ১০:৪৭

খামেনির জানাজা নিয়ে ট্রাম্পের মন্তব্যে বিস্ময়
ছবি: সংগৃহীত

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজায় সাধারণ ইরানি নাগরিকদের কান্নাকাটি ও শোক প্রকাশ করতে দেখে গভীর বিস্ময় প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তিনি মনে করেছিলেন যে ইরানের সাধারণ মানুষ তাদের এই ধর্মীয় ও রাজনৈতিক নেতাকে তীব্র ঘৃণা করে। পাকিস্তানি গণমাধ্যম ডনের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে দেওয়া এক বিশেষ টেলিফোন সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের বর্তমান পরিস্থিতি নিয়ে তার এই আকস্মিক প্রতিক্রিয়ার কথা জানান। খামেনির প্রয়াণে ইরানিদের স্বতঃস্ফূর্ত শোকের চিত্র দেখে নিজের ধারণা ভুল প্রমাণিত হওয়ার কথা স্বীকার করেন তিনি।

একই সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেন, ওই শেষকৃত্যানুষ্ঠানে অংশ নেওয়া সবাইকে মুহূর্তের মধ্যে ধ্বংস করার সামরিক সক্ষমতা যুক্তরাষ্ট্রের রয়েছে। তবে তিনি বলেন, এমন পদক্ষেপ নিলে পরবর্তীতে আলোচনার জন্য আর কেউ অবশিষ্ট থাকবে না, তাই তিনি এ ধরনের সিদ্ধান্ত থেকে বিরত থাকছেন।

তিনি আরও জানান, উদ্ভূত পরিস্থিতিতে ইরান ও যুক্তরাষ্ট্র উভয় পক্ষই খামেনির শেষকৃত্যের আনুষ্ঠানিকতা শেষ না হওয়া পর্যন্ত দ্বিপক্ষীয় আলোচনা সাময়িকভাবে স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে।

ট্রাম্পের ভাষায়, শেষকৃত্যের সময় কোনো পক্ষই একে অপরের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেবে না—এমন একটি সাময়িক বিরতির ইঙ্গিতও পাওয়া গেছে।

সূত্র: ডন

বাংলাদেশ জার্নাল/এনএম

  • সর্বশেষ
  • পঠিত