ইসরাত জাহানের তিনটি কবিতা
শিল্প-সাহিত্য ডেস্ক
প্রকাশ : ১৫ আগস্ট ২০২১, ১৭:০৯

।। ব্যক্তিগত ডাকনাম ।।
আমাদের ব্যক্তিগত ডাক নামেরা
হাসনাহেনার সুভাসে
স্পর্শের মাদকতা ছড়ায়
এসব নিমগ্ন সন্ধ্যায়!
আজকাল দেখাহীন বেশ
কেটে যাওয়া দিনগুলোও
হাহাকারহীন মেতেছে
নয়া আনন্দের আগমনী সুখে।
কোথাও তবু মিল থেকে যাওয়া
এক মায়ার রেশ
সমস্ত নিউরনজুড়ে নিত্য খেলা করে
এ কি বিস্ময় আমায় তুমি হে দিলে!
।। ডাকবাক্সে জমা ।।
আদি আদরের স্নানে জড়িয়ে পৌষের বেলা
ধোয়াশার মাঝে হাতড়ে মরে
ডাঙায় রেখে ভেলা
ডাকবাক্সে জমা পৌষের ভেজা খামে
মাঘের চাদরে লুকানো কামনা রেখো
ভালোবাসার দামে
একদিন বহুদিন হারানো পৌষের থেকে
প্রেয়সীর সবটুকু প্রেম মাঘের আদরে
ঘুমাবে ঠোঁটে মেখে।
।। জীবনের অপচয় ।।
আর এভাবেই ছেড়ে দেয়া ভীষণ আপন
তবু সুখ! সুখ! না পাওয়ায়, দিয়ে বিসর্জন।
জীবনের সাথে সাথী না হতে না বাঁধা সুজন
মুক্ত কুড়িয়ে চলে গেছে দূরে,
তবু আমার কেবল সমুদ্র আপন।
চারিদিকে অযুত প্রেম! প্রেমময়
বাঁচার তাদিগে বেঁচে দেওয়া শরীরের ক্ষয়;
আর এভাবেই ছেড়ে দেয়া এক একটা দীর্ঘশ্বাস
মৃত মাছের চোখে আকুতি, এখানে জীবনের উল্লাস!
কখনো জানেনি কত আপন, গোপনে নদীবয়
হাসির ছলে ঝাপসা জীবন আজন্ম রহস্যময়
আহা জীবন! কত জীবনের অপচয়!
বাংলাদেশ জার্নাল/এসকে










