ওয়ান জিমের ঈদ পুনর্মিলনীতে প্রীতি ফুটবল ম্যাচ, প্রাণবন্ত অংশগ্রহণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২১ জুন ২০২৫, ০৯:২৮ আপডেট : ২১ জুন ২০২৫, ০৯:৩৬

ওয়ান জিমের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ জুন) রাজধানীর মিরপুর ইনডোর স্টেডিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই উৎসবমুখর আয়োজনে জিমের সদস্যদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় একটি প্রীতি ফুটবল ম্যাচ, যা মিলনমেলাটিকে আরও প্রাণবন্ত করে তোলে।

পুনর্মিলনী অনুষ্ঠানে সদস্যরা একে অপরের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং স্বাস্থ্য ও ফিটনেস বিষয়ক নানা আলোচনায় অংশ নেন। তবে মূল আকর্ষণ ছিল জিমের অভ্যন্তরীণ প্রীতি ফুটবল ম্যাচ। খেলায় দুই দল অংশ নেয় এবং উচ্ছ্বাস-উদ্দীপনায় ভরা পরিবেশে ম্যাচটি অনুষ্ঠিত হয়।
ম্যাচ শেষে বিজয়ী দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। আয়োজকরা জানান, ঈদের মতো আনন্দঘন উপলক্ষে এমন আয়োজন সদস্যদের মধ্যে বন্ধন আরও দৃঢ় করে এবং নিয়মিত শরীরচর্চার পাশাপাশি একটি সামাজিক প্ল্যাটফর্ম তৈরি করে দেয়।

অনুষ্ঠান শেষে আলোচনা পর্ব ও হালকা আপ্যায়নের মাধ্যমে আয়োজনটি সম্পন্ন হয়। অংশগ্রহণকারী ও অতিথিরা এমন আয়োজনকে নিয়মিত করার আহ্বান জানান।
বাংলাদেশ জার্নাল/ওএফ










