ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ আপডেট : ৫ ঘন্টা আগে
শিরোনাম

আন্তর্জাতিক স্বীকৃতি পেল বাংলাদেশি শিক্ষার্থীদের মহাকাশবাস প্রকল্প

  তথ্য-প্রযুক্তি ডেস্ক

প্রকাশ : ২৩ জুন ২০২৫, ২০:১৪

আন্তর্জাতিক স্বীকৃতি পেল বাংলাদেশি শিক্ষার্থীদের মহাকাশবাস প্রকল্প
ছবি: সংগৃহীত

বাংলাদেশের শিক্ষার্থীদের উদ্যোগে নির্মিত ‘আউটার স্পেস হ্যাবিটেশন (OSH)’ প্রকল্প আন্তর্জাতিক মহাকাশ গবেষণা ক্ষেত্রে নজিরবিহীন স্বীকৃতি অর্জন করেছে। এটি বাংলাদেশের প্রথম জ্যোতির্বিজ্ঞানভিত্তিক মহাকাশ প্রকল্প যা আন্তর্জাতিক মহলে পাঁচটিরও বেশি স্বীকৃতি ও ৫০টির বেশি জাতীয় পুরস্কার অর্জন করেছে।

এই প্রকল্পের উদ্দেশ্য ছিল মঙ্গলগ্রহে সাধারণ মানুষের জন্য বসবাসযোগ্য স্থান তৈরি নয়, বরং বিজ্ঞানীদের গবেষণার জন্য একটি টেকসই, নিরাপদ ও আধুনিক হ্যাবিট্যাট গড়ে তোলা। এতে ব্যবহৃত হয়েছে সায়ানোব্যাকটেরিয়া দিয়ে অক্সিজেন উৎপাদন, হাইড্রোপনিক কৃষি, বিষাক্ত মঙ্গল-মাটি বিশুদ্ধকরণ, পানি ও বর্জ্য পুনঃব্যবহার এবং কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা নিয়ন্ত্রিত জীবন-সমর্থন ব্যবস্থা।

অতিরিক্তভাবে, গবেষকরা তৈরি করেছেন ৩D প্রিন্টেড মাস্ক, যা মঙ্গলের অ্যাসিডিক বাতাস ও নিম্নচাপ থেকে সুরক্ষা দিতে সক্ষম। প্রকল্পে সম্ভাব্য প্রাকৃতিক ঝুঁকির বিশ্লেষণ করা হয়েছে এবং প্রতিটি ঝুঁকির জন্য উপযুক্ত প্রযুক্তিগত সমাধান উপস্থাপন করা হয়েছে।

তথ্য সংগ্রহে NASA, ESA, Mars Society, SpaceX এবং ISS-এর গবেষণা প্রতিবেদন ও ডেটা ব্যবহার করা হয়েছে। OSH-এর আরও বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে পোর্টেবল এনভায়রনমেন্টাল স্যুট, মোবাইল ফার্মিং ইউনিট, মাল্টিলেয়ার এনালাইটিক স্ক্যানার, ক্লাইমেট রেগুলেশন চিপ এবং রিসাইক্লিং পডস।

এই প্রকল্পের নেতৃত্ব দেন আবির খান (মোহাম্মদপুর সরকারি কলেজ) ও মোহাম্মদ আলী মিশাল (সরকারি বিজ্ঞান কলেজ)। সহযোগী হিসেবে ছিলেন নটর ডেম কলেজ, ঢাকা সিটি কলেজ এবং আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা।

এই অসাধারণ উদ্ভাবন প্রমাণ করে—বাংলাদেশের তরুণ প্রজন্ম সুযোগ পেলে বিশ্বমঞ্চে নেতৃত্ব দিতে সক্ষম। OSH আজ শুধু একটি বৈজ্ঞানিক মডেল নয়, বরং এক দৃষ্টিভঙ্গি, সাহস এবং জাতি নির্মাণের ভবিষ্যৎ প্রতীক।

বাংলাদেশ জার্নাল/এনএম

  • সর্বশেষ
  • পঠিত