‘হিউম্যান রাইটস টিউলিপ’ পুরস্কারের জন্য মনোনয়ন পেলেন সানজিদা ইসলাম তুলি
জার্নাল ডেস্ক
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৫, ১২:৫৬

মানবাধিকার সুরক্ষা ও গুম প্রতিরোধে ভূমিকার স্বীকৃতি হিসেবে নেদারল্যান্ডসের মর্যাদাপূর্ণ ‘হিউম্যান রাইটস টিউলিপ’ পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছেন ‘মায়ের ডাক’ সংগঠনের সমন্বয়ক এবং ঢাকা–১৪ আসনে বিএনপির ধানের শীষের প্রার্থী সানজিদা ইসলাম তুলি। এই অর্জনে তাকে অভিনন্দন জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এক ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, “নেদারল্যান্ডসের মর্যাদাপূর্ণ ‘হিউম্যান রাইটস টিউলিপ’ এর জন্য সানজিদা ইসলাম তুলির মনোনয়ন বাংলাদেশের জন্য অত্যন্ত গর্বের বিষয়। মানবাধিকার বিশেষ করে গুমের শিকার ব্যক্তিদের পরিবারগুলোর জন্য তার দীর্ঘদিনের কাজের আন্তর্জাতিক স্বীকৃতি তাৎপর্যময়। এটি বহু পরিবারের কঠিন সংগ্রামের প্রতি বৈশ্বিক মনোযোগ আনবে।”
প্রতি বছর নেদারল্যান্ডস সরকার মানবাধিকার রক্ষায় বিশেষ অবদান রাখা ব্যক্তি বা সংগঠনকে আন্তর্জাতিক এই পুরস্কার প্রদান করে থাকে। মানবাধিকার হুমকির মুখে থাকা জনগোষ্ঠীর পক্ষে কার্যকর ভূমিকা ও সৃজনশীল উদ্যোগের ভিত্তিতেই মনোনয়ন দেওয়া হয়।
আওয়ামী লীগ সরকারের সময়ে গুমের শিকার ব্যক্তিদের পরিবার নিয়ে গড়ে ওঠা সংগঠন ‘মায়ের ডাক’-এর নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তুলি। নিজের পরিবারের ওপরও গুমের প্রভাব রয়েছে; তার ভাই সাজেদুল ইসলাম সুমন, যিনি ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন, ২০১৩ সালে বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তুলে নেওয়ার পর নিখোঁজ হন বলে অভিযোগ রয়েছে। এরপর থেকে তিনি আর ফিরে আসেননি।
মানবাধিকার লঙ্ঘন, বিশেষ করে গুমের শিকার পরিবারগুলোর ন্যায়বিচার নিশ্চিত করতে দীর্ঘদিন ধরে কাজ করছেন তুলি। আন্তর্জাতিক পর্যায়ে তার প্রয়াস নজরে আসে বিভিন্ন মানবাধিকার সংগঠন ও কূটনৈতিক মহলের। তার এই মনোনয়নকে মানবাধিকার আন্দোলনের জন্য গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।
বিএনপি নেতারা মনে করেন, তুলির এই আন্তর্জাতিক স্বীকৃতি বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে আরও বৈশ্বিক আলোচনা তৈরি করবে। বহু বছর ধরে নিখোঁজ ব্যক্তিদের পরিবারের পক্ষ থেকে ন্যায়বিচারের দাবি তুলে ধরার যে সংগ্রাম চলছে, এই মনোনয়ন সেটিকে আরও শক্তিশালী করবে বলে তারা আশা প্রকাশ করেছেন।
বাংলাদেশ জার্নাল/এনএম










