ঢাকা, শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ আপডেট : ২ ঘন্টা আগে
শিরোনাম

চাকরি বদলের ‘এনওসি’ শর্ত প্রত্যাহার করল অ্যাটকো

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১৮ মে ২০২৬, ১৮:২২

চাকরি বদলের ‘এনওসি’ শর্ত প্রত্যাহার করল অ্যাটকো

একটি টেলিভিশন স্টেশন থেকে আরেকটিতে যেতে সাংবাদিকদের জন্য ‘অনাপত্তিপত্র’(এনওসি) বা ছাড়পত্র বাধ্যতামূলক করার যে নির্দেশ অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স (অ্যাটকো) দিয়েছিল, এক দিনের মাথায় তা প্রত্যাহার করে নেওয়া হয়েছে।

সোমবার (১৮ মে) অ্যাটকোর বিজ্ঞপ্তিতে আগের দিনের বিতর্কিত নির্দেশনাটি প্রত্যাহারের কথা জানানো হয়। আগের নির্দেশনাটি ‘ভুলবশত’পাঠানো হয়েছিল বলে নতুন বিজ্ঞপ্তিতে দাবি করেছে মালিকদের এই সংগঠন।

অ্যাটকোর সোমবারের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, গতকাল অ্যাটকোর পক্ষ থেকে ভুলবশত যে অনাপত্তিপত্র বিষয়ক জরুরি বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে, তা প্রত্যাহার করা হলো।

এ বিষয়ে আর কোনো জটিলতা বা প্রতিবন্ধকতা যেন সৃষ্টি না হয়, সে বিষয়ে ‘লক্ষ্য রাখার জন্য বিনীত অনুরোধৎ’ জানানো হয়েছে।

গত রোববার অ্যাটকোর বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, নতুন কর্মস্থলে যোগদানের আগে অবশ্যই বর্তমান কোম্পানি থেকে এনওসি বা ছাড়পত্র গ্রহণ করতে হবে। অনাপত্তিপত্র ছাড়া অন্য প্রতিষ্ঠানে চাকরি নিলে আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও বলা ছিল সেখানে।

মালিকপক্ষের ওই নির্দেশনার পরপরই প্রতিবাদ ও আপত্তি তোলে সাংবাদিকদের বিভিন্ন সংগঠন।

অ্যাটকোর ওই নির্দেশনার তীব্র নিন্দা জানিয়ে সোমবার সকালে বিবৃতি দেয় আন্তর্জাতিক সংবাদমাধ্যমে কর্মরত বাংলাদেশি সাংবাদিকদের সংগঠন— বাংলাদেশি জার্নালিস্টস ইন ইন্টারন্যাশনাল মিডিয়া (বিজেআইএম)।

বিবৃতিতে বিজেআইএম বলে, সাংবাদিকতা কোনো দাসত্বমূলক পেশা নয়। গণমাধ্যমকর্মীদের কর্মস্থল পরিবর্তন, ভালো সুযোগ অনুসন্ধান, ন্যায্য কর্মপরিবেশ ও বেতন নিয়ে আলোচনা এবং প্রতিশোধ বা প্রাতিষ্ঠানিক কালোতালিকার আশঙ্কা ছাড়াই কাজ করার স্বাধীনতা থাকতে হবে।

এ ধরনের বিধিনিষেধ স্বাধীন ও মুক্ত গণমাধ্যমের মৌলিক নীতির সঙ্গে সাংঘর্ষিক এবং তা পেশাগত ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত করার হাতিয়ার হিসেবে ব্যবহার হতে পারে বলেও উদ্বেগ জানায় সংগঠনটি। এর আগে সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামও (এসআরএফ) এক বিবৃতিতে এই সিদ্ধান্তকে দেশের প্রচলিত শ্রম আইন ও সংবিধানের পরিপন্থি অভিহিত করে অবিলম্বে তা প্রত্যাহারের দাবি জানিয়েছিল।

বাংলাদেশ জার্নাল/সিএম

  • সর্বশেষ
  • পঠিত