ঢাকা, শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ আপডেট : ৮ মিনিট আগে
শিরোনাম

বার নির্বাচনে ‘হস্তক্ষেপের’ অভিযোগ নিয়ে সিএলএ ও ল’এশিয়ার গভীর উদ্বেগ

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ০৫ জুন ২০২৬, ১৬:৩৪

বার নির্বাচনে ‘হস্তক্ষেপের’ অভিযোগ নিয়ে সিএলএ ও ল’এশিয়ার গভীর উদ্বেগ

বাংলাদেশের আইনজীবী সমিতিগুলোর নির্বাচনে ‘হস্তক্ষেপ’, রাজনৈতিক পরিচয়ের কারণে মনোনয়ন বাতিল এবং আইনজীবীদের বিরুদ্ধে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ মামলার অভিযোগ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে আইনজীবীদের আন্তর্জাতিক সংগঠন কমনওয়েলথ লইয়ার্স অ্যাসোসিয়েশন (সিএলএ) ও ল’এশিয়া।

শুক্রবার (৫ মে) এক যৌথ বিবৃতিতে সংগঠন দুটি বলেছে, বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে যোগ্য আইনজীবীদের মনোনয়নপত্র গ্রহণ না করার একাধিক অভিযোগ তাদের নজরে এসেছে।

বিবৃতিতে বলা হয়, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি গত ১৯ থেকে ২৮ এপ্রিল পর্যন্ত বিভিন্ন পদের জন্য মনোনয়ন জমা দেওয়ার সময়সীমা নির্ধারণ করেছিল। কিন্তু গঠনতন্ত্র অনুযায়ী প্রয়োজনীয় যোগ্যতা থাকা সত্ত্বেও বর্তমান প্রশাসন একাধিক যোগ্য আইনজীবীর মনোনয়ন বাতিল করেছে। এর জন্য কোনো শুনানি বা লিখিত কারণ দর্শানো হয়নি, এমনকি এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করারও কোনো সুযোগ রাখা হয়নি।

সিএলএ ও ল’এশিয়া বলছে, রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগে অনেক আইনজীবীকে নির্বাচনে অংশ নিতে দেওয়া হয়নি। ‘ফ্যাসিস্টের দোসর’ আখ্যা দিয়েও বেশ কিছু মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

সংবাদমাধ্যমের খবরের বরাত দিয়ে বিবৃতিতে বলা হয়, গত জানুয়ারি থেকে অন্তত ১৩টি বার নির্বাচনে প্রায় ২০০ জন আইনজীবীকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে অংশ নিতে দেওয়া হয়নি।

এছাড়া সুপ্রিম কোর্টের সাবেক বিচারক এবং পেশাজীবী আইনজীবীদের বিরুদ্ধে একাধিক গুরুতর ফৌজদারি মামলা দায়েরের খবরে উদ্বেগ প্রকাশ করে সিএলএ ও ল’এশিয়া বলেছে, এসব মামলার অনেকগুলোই ‘সম্পূর্ণ বানোয়াট’ বলে অভিযোগ রয়েছে, যার মাধ্যমে আইনজীবীদের ‘ভয়ভীতি প্রদর্শন’ করা হচ্ছে।

বিবৃতিতে জাতিসংঘের ১৯৯০ সালের ‘বেসিক প্রিন্সিপলস অন দ্য রোল অব লইয়ার্স’-এর কথা স্মরণ করিয়ে দেওয়া হয়। সেখানে আইনজীবীদের ভয়ভীতি, হয়রানি বা অনভিপ্রেত হস্তক্ষেপ ছাড়া পেশাগত দায়িত্ব পালনের অধিকার এবং মতপ্রকাশ ও সংগঠনের স্বাধীনতার বিষয়টি নিশ্চিত করার কথা বলা হয়েছে।

বাংলাদেশ সরকার, এসসিবিএ এবং বার কাউন্সিলের প্রতি কয়েকটি সুনির্দিষ্ট আহ্বান জানিয়েছে সংগঠন দুটি।

# সুপ্রিম কোর্ট বারসহ সারা দেশের সব আইনজীবী সমিতির নির্বাচনে যে কোনো ধরনের হস্তক্ষেপ অবিলম্বে বন্ধ করতে হবে এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে হবে।

# রাজনৈতিক সংশ্লিষ্টতা বা অতীতের কোনো পরিচয়ের ভিত্তিতে বৈষম্য না করে সব যোগ্য আইনজীবীকে নির্বাচনে অংশ নেওয়ার সমান সুযোগ দিতে হবে।

# মনোনয়নপত্র বাতিলের ক্ষেত্রে সুস্পষ্ট কারণ লিখিতভাবে জানাতে হবে এবং আপিলের সুযোগ রাখতে হবে।

# সাবেক বিচারক ও আইনজীবীদের বিরুদ্ধে দায়ের করা ‘বানোয়াট ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ ফৌজদারি মামলাগুলো অবিলম্বে পর্যালোচনা করতে হবে। ভয়ভীতি প্রদর্শনের হাতিয়ার হিসেবে মামলাকে ব্যবহার করা যাবে না।

# আইন পেশার স্বাধীনতা এবং মানবাধিকার সুরক্ষায় সংশ্লিষ্টদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করতে হবে।

আইনজীবীদের আন্তর্জাতিক সংগঠন দুটি বলছে, তারা বাংলাদেশের আইন ও বিচার অঙ্গনের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে। সেইসঙ্গে বিশ্বজুড়ে আইন পেশার স্বাধীনতা ও আইনের শাসন প্রতিষ্ঠায় আন্তর্জাতিক সম্প্রদায়কে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছে তারা।

কমনওয়েলথভুক্ত দেশগুলোতে আইনের শাসন ও স্বাধীন আইন পেশা প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে সিএলএ। অন্যদিকে ল’এশিয়া এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মানবাধিকার ও আইনের শাসন রক্ষায় কাজ করে।

বাংলাদেশ জার্নাল/সিএম

  • সর্বশেষ
  • পঠিত