নাসীরুদ্দীনের ওপর হামলার অভিযোগে যা বললেন মির্জা আব্বাস
জার্নাল ডেস্ক
প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৬, ১৮:০৬

জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের ঢাকা-৮ আসনের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগের প্রতিক্রিয়া জানিয়েছেন বিএনপির প্রার্থী মির্জা আব্বাস।
মঙ্গলবার ঢাকা-৮ আসনে নির্বাচনী প্রচারের সময় তিনি জানান, ঘটনা সম্পর্কে তিনি কিছু জানেন না।
মির্জা আব্বাস বলেন, ‘আমি কী বলব? এ ধরনের সুযোগ তো খুঁজছে। এটা তো বহুদিন ধরে চেষ্টা করছে লাগানোর জন্য। কে লাগবে ওর (নাসীরুদ্দীন) সাথে? খামাখা কী দরকার? প্রয়োজন সে-ই তো। আমার কি ঝগড়া করার দরকার আছে? আমার কি ঝগড়া করার রেকর্ড আছে?’
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘আমি তো বহুদিন নির্বাচন করি, ১৯৯১ (প্রয়োজনে তথ্যটি চেক করুন, তিনি ১৯৯১ থেকে সংসদ সদস্য) থেকে। আমার কোনো রেকর্ড নাই প্রতিপক্ষের সঙ্গে সংঘর্ষ বা ঝগড়া হয়েছে। যারা এটা করছে, উদ্দেশ্যমূলক। ওদের কিছু ভিন্ন উদ্দেশ্য আছে। আমি তো জানিও না কিছু।’
নির্বাচনের পরিবেশের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এই মুহূর্তের নির্বাচনের পরিবেশ নিয়ে মন্তব্য করতে চাই না। পরিবেশ এখন পর্যন্ত ভালোই আছে। কেউ ভণ্ডুল করতে না চাইলে পরিবেশ ভালোই আছে।
এর আগে মঙ্গলবার দুপুরে রাজধানীর শান্তিনগর এলাকায় হাবিবুল্লাহ বাহার কলেজে আমন্ত্রিত অতিথি হিসেবে একটি পিঠা উৎসবে উপস্থিত হলে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা ও ডিম নিক্ষেপের ঘটনা ঘটে বলে অভিযোগ করে এনসিপি। দলটির দাবি, ছাত্রদলের পরিচয়ে কয়েকজন ঢাকা-৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা করে। তবে ছাত্রদলের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে এ নিয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
এ ছাড়া নির্বাচনী প্রচারের পথসভায় দুপুরে রাজধানীর রমনা এলাকায় নাসীরুদ্দীনের ওপর ডিম নিক্ষেপ করা হয়েছে বলেও অভিযোগ পাওয়া গেছে।
বাংলাদেশ জার্নাল/এমপি










