ঢাকা, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ আপডেট : ২৩ মিনিট আগে
শিরোনাম

সিলেট টেস্ট

বাংলাদেশের ঐতিহাসিক হোয়াইটওয়াশ, ম্যাচসেরা লিটন

  ক্রীড়া ডেস্ক

প্রকাশ : ২০ মে ২০২৬, ১১:৫৬  
আপডেট :
 ২০ মে ২০২৬, ১২:২১

বাংলাদেশের ঐতিহাসিক হোয়াইটওয়াশ, ম্যাচসেরা লিটন
ছবি: সংগৃহীত

বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে আরেকটি স্মরণীয় অধ্যায় যোগ হলো সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। চতুর্থ ইনিংসে ৪৩৭ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে দারুণ লড়াই করেছিল পাকিস্তান। তবে শেষ পর্যন্ত ৩৫৮ রানে অলআউট হয়ে যায় সফরকারীরা। ফলে ৭৮ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে নাজমুল হোসেন শান্তর দল।

এই জয়ে টানা দ্বিতীয় টেস্ট সিরিজে পাকিস্তানকে হারাল বাংলাদেশ। একই সঙ্গে নিজেদের ইতিহাসে প্রথমবার কোনো দলের বিপক্ষে টানা চারটি টেস্ট জয়ের কীর্তিও গড়ল টাইগাররা।

শেষ দিনের খেলা শুরু হয়েছিল রোমাঞ্চ ছড়িয়ে। আগের দিন ৭ উইকেটে ৩১৬ রান নিয়ে দিন শেষ করা পাকিস্তান বিশ্বরেকর্ড গড়ে জয়ের স্বপ্ন দেখছিল। মোহাম্মদ রিজওয়ান ও সাজিদ খান মিলে অষ্টম উইকেটে গুরুত্বপূর্ণ জুটি গড়ে ম্যাচ জমিয়ে তোলেন। একপর্যায়ে তাদের জুটি পঞ্চাশ ছাড়িয়ে যায়।

তবে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন তাইজুল ইসলাম। প্রথমে সাজিদ খানকে স্লিপে ক্যাচ বানিয়ে ফেরান তিনি। এরপর শরিফুল ইসলামের বলে গালিতে ক্যাচ দিয়ে বিদায় নেন রিজওয়ান। ১৬৬ বলে ১০ চার মেরে ৯৪ রান করেন পাকিস্তানের উইকেটকিপার-ব্যাটসম্যান।

এরপর আর প্রতিরোধ গড়তে পারেনি পাকিস্তান। নিজের পরের ওভারেই খুররম শাহজাদকে আউট করে ম্যাচ শেষ করেন তাইজুল। দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট শিকার করেন এই বাঁহাতি স্পিনার।

ম্যাচে বাংলাদেশের হয়ে উজ্জ্বল ছিলেন আরও কয়েকজন। তবে উইকেটের সামনে ও পেছনে অসাধারণ নৈপুণ্য দেখিয়ে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন লিটন দাস। প্রথম ইনিংসে লোয়ার অর্ডারকে সঙ্গে নিয়ে ১২৬ রানের অনবদ্য ইনিংস খেলেন তিনি। দ্বিতীয় ইনিংসেও করেন কার্যকর ৬৯ রান। উইকেটের পেছনে নেন গুরুত্বপূর্ণ কয়েকটি ক্যাচ।

চতুর্থ দিনে পাকিস্তানের ব্যাটাররা অবশ্য দারুণ প্রতিরোধ গড়েছিলেন। শান মাসুদ ৭১ রান করেন। বাবর আজম খেলেন ৪৭ রানের ইনিংস। তবে শেষ বিকেলে নতুন বলে তাইজুল ইসলামের আঘাতেই ম্যাচে ফেরে বাংলাদেশ।

নতুন বলে স্পিনারকে আক্রমণে আনার সিদ্ধান্ত নিয়ে শুরুতে অনেকেই বিস্ময় প্রকাশ করেছিলেন। কিন্তু অধিনায়ক শান্তর সেই সিদ্ধান্তই কাজে দেয়। প্রথমে সালমান আলি আগাকে বোল্ড করেন তাইজুল। এরপর হাসান আলিকেও ফেরান তিনি।

বাংলাদেশের বোলিংয়ে দ্বিতীয় ইনিংসে তাইজুল ৬ উইকেট নেন। নাহিদ রানা নেন ২টি উইকেট। শরিফুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ পান একটি করে উইকেট।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ ১ম ইনিংস: ২৭৮

পাকিস্তান ১ম ইনিংস: ২৩২

বাংলাদেশ ২য় ইনিংস: ৩৯০

পাকিস্তান ২য় ইনিংস: ৩৫৮ অলআউট

বাংলাদেশ জার্নাল/এনএম

  • সর্বশেষ
  • পঠিত