‘সুইডেনকে বিশ্বকাপে তোলাই আমার জীবনের সেরা মুহূর্ত’
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৭ মে ২০২৬, ১৫:৩১

রাশিয়া বিশ্বকাপের পর আবারও ফুটবলের বিশ্বমঞ্চে ফিরছে সুইডেন। বাছাইপর্বের প্লে-অফের নাটকীয় ম্যাচে পোল্যান্ড হারিয়ে টিকিট কেটেছে তারা। ঐতিহাসিক কোয়ালিফিকেশনের পর ফিফাকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের অনুভূতি জানিয়েছেন সুইডিশ তারকা গুস্তাফ লাগেরবিয়েলকে। দলকে বিশ্বকাপে তোলাই জীবনের সেরা অনুভূতি বলে জানিয়েছেন তিনি।
পোল্যান্ডের বিপক্ষে প্লে-অফ ফাইনালের ৩-২ ব্যবধানের সেই রুদ্ধশ্বাস জয়ে বেঞ্জামিন নিগ্রেনের ফ্রি-কিক থেকে দারুণ এক হেডে গোল করে সুইডেনকে এগিয়ে দিয়েছিলেন লাগেরবিয়েলকে। আর শেষ মুহূর্তে আর্সেনাল স্ট্রাইকার ভিক্টর গাইওকেরেসের করা জয়সূচক গোলটিই নিশ্চিত করে সুইডেনের বিশ্বকাপ যাত্রা।
সেই সোনালী মুহূর্তের স্মৃতিচারণ করে লাগেরবিয়েলকে বলেন, ‘আমি ভাষায় প্রকাশ করতে পারব না। যখন ভিক্টর সেই জয়সূচক গোলটি করল, সেটিই ছিল আমার ফুটবল ক্যারিয়ারের সেরা অনুভূতি। এটি আমার শৈশবের স্বপ্ন পূরণ। প্রথম রাউন্ডে আমাদের পারফরম্যান্স ভালো ছিল না। কিন্তু শেষ দুটি ম্যাচে আমরা যা করেছি, তা অবিশ্বাস্য। ম্যাচ শেষে প্রধানমন্ত্রী ও যুবরাজ আমাদের ড্রেসিংরুমে এসেছিলেন। পুরো সুইডেন এই ম্যাচের দিকে তাকিয়ে ছিল।’
১৯৯৪ সালের পর আবার আমেরিকান ভূখণ্ডে বিশ্বকাপ খেলতে যাচ্ছে সুইডেন, সেবার তারা তৃতীয় স্থান অর্জন করেছিল। তবে এবার তাদের প্রাথমিক লক্ষ্য গ্রুপ পর্ব পার হওয়া।
বাংলাদেশ জার্নাল/এসআইপি










