ছয় বিশ্বকাপে খেলা প্রথম ফুটবলার মেসি
ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ১৭ জুন ২০২৬, ০৭:৪৮

দুই দশক আগে এই দিনেই বিশ্বকাপে অভিষেক হয়েছিল সেই সময়ের তরুণ লিওনেল মেসির। সাফল্যে ভরা দীর্ঘ এক যাত্রায় আবারও ফুটবলের সর্বোচ্চ মঞ্চে খেলতে নামলেন আর্জেন্টাইন জাদুকর। সেই সঙ্গে গড়লেন নতুন আরেকটি অসাধারণ রেকর্ড, প্রথম ফুটবলার হিসেবে ছয়টি বিশ্বকাপ খেলার কীর্তি।
ক্যানসাস সিটিতে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শিরোপা ধরে রাখার মিশন শুরু করল আর্জেন্টিনা। শুরুর একাদশে মাঠে নামলেন মেসি এবং ম্যাচ শুরুর বাঁশি বাজতেই তার নামের পাশে লেখা হয়ে গেল রেকর্ডটি।
ম্যাচটি বাংলাদেশ সময় ১৭ জুন, বুধবার সকালে হলেও, স্থানীয় সময়ে দিনটি ১৬ জুন। এর ঠিক ২০ বছর আগে, ২০০৬ সালের ১৬ জুন জার্মানি আসরে গ্রুপ পর্বে সার্বিয়া-মন্টেনেগ্রোর বিপক্ষে শেষ দিকে বদলি নেমে বিশ্বকাপে যাত্রা শুরু হয়েছিল মেসির।
৬-০ গোলে জেতা ওই ম্যাচের শেষ ১৬ মিনিট খেলে দলের শেষ গোলটি করার আগে একটি অ্যাসিস্টও করেছিলেন মেসি। সেই থেকে এই ম্যাচের আগ পর্যন্ত বিশ্বকাপে ২৬ ম্যাচ খেলে তার গোল ১৩টি।
আলজেরিয়া ম্যাচটি দিয়ে আরেকটি মাইলফলক স্পর্শ করলেন আটবারের ব্যালন দ’র জয়ী তারকা; জাতীয় দলের হয়ে এটি তার ২০০তম ম্যাচ। আগের ১৯৯ ম্যাচে গোল করেছেন ১১৭টি, আন্তর্জাতিক ফুটবলে দ্বিতীয় সর্বোচ্চ গোল।
এই তালিকায় শীর্ষে আছেন তার দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী ক্রিস্তিয়ানো রোনালদো, ১৪৩ গোল নিয়ে। ২২৮ ম্যাচে গোলগুলো করেছেন পর্তুগিজ তারকা।
এদিনই রাতে একই রেকর্ডে মেসিকে স্পর্শ করবেন রোনালদো। ডি-আর কঙ্গোর বিপক্ষে খেলতে নামলেই দ্বিতীয় ফুটবলার হিসেবে ছয়টি বিশ্বকাপ খেলার কীর্তি গড়বেন পর্তুগাল অধিনায়ক।
হিউস্টনে বাংলাদেশ সময় রাত ১১টায় শুরু হবে ম্যাচটি।
ছয়টি বিশ্বকাপে অংশ হওয়ার কীর্তি এরই মধ্যে গড়েছেন আরেক জন, মেক্সিকো গোলরক্ষক গিয়ের্মো ওচোয়া। তবে ২০০৬ ও ২০১০ আসরে স্কোয়াডে থাকলেও, মাঠে নামার সুযোগ হয়নি তার। চলতি আসরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও ৪০ বছর বয়সী এই ফুটবলারের জায়গা হয় বেঞ্চে।
বাংলাদেশ জার্নাল/এনএম









