ঢাকা, রোববার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ আপডেট : ১২ মিনিট আগে
শিরোনাম

বিশ্ব চমকে দিল কুরাসাও, একুয়েডরকে থামিয়ে দিল গোলকিপার রুম

  ক্রীড়া ডেস্ক

প্রকাশ : ২১ জুন ২০২৬, ১০:৫১

বিশ্ব চমকে দিল কুরাসাও, একুয়েডরকে থামিয়ে দিল গোলকিপার রুম
ছবি: সংগৃহীত

শেষ বাঁশি বাজতেই হাঁটু গেড়ে বেশ কিছুক্ষণ মাটিতে মাথা নুইয়ে রাখলেন ইলয় রুম। হয়তো বীরোচিত লড়াইয়ে ‘জয়ের’ তৃপ্তি, হয়তো অনুভব করতে চাইছিলেন মুহূর্তটি। দলের অন্যরা তখন পরস্পরের ওপর ঝাঁপিয়ে পড়ে আনন্দস্তূপ গড়েছে। এক পর্যায়ে তাদেরও খেয়াল হলো রুমের কথা। তারা ছুটে গেলেন গোলকিপারের কাছে এবং তাকে ঘিরেই চলতে থাকল উৎসব।

ধারাভাষ্যকার তখন চিৎকার করে বলেছেন, “একুয়েডরকে চমকে দিল কুরাসাও…।”

আদতে শুধু একুয়েডরকে নয়, কুরাসাও চমকে দিয়েছে গোটা বিশ্বকেই। জিততে না পারলেও গোলশূন্য ড্র করে বিশ্বকাপে নিজেদের প্রথম পয়েন্ট পেয়েছে তারা।

মাত্র দেড় লাখ মানুষের দেশ কুরাসাও—বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে কম জনসংখ্যার প্রতিনিধিত্বকারী দল—এই প্রথম বিশ্ব মঞ্চে পয়েন্টের স্বাদ পেল। লাতিন আমেরিকা অঞ্চলের শক্তিশালী দল একুয়েডরকে আটকে দিয়ে তারা লিখেছে নতুন ইতিহাস।

আগের ম্যাচে অভিষেকে জার্মানির বিপক্ষে ৭ গোল হজম করলেও এবার সম্পূর্ণ ভিন্ন কুরাসাওকে দেখা গেল। এই বদলে যাওয়ার মূল নায়ক গোলরক্ষক ইলয় রুম।

৩৭ বছর বয়সী এই গোলরক্ষক গোলবারে যেন গড়ে তুলেছিলেন এক দুর্ভেদ্য দুর্গ। এক ম্যাচে মোট ১৫টি সেভ করেন তিনি।

বিশ্বকাপ ইতিহাসে এক ম্যাচে সর্বোচ্চ সেভের রেকর্ড যুক্তরাষ্ট্রের টিম হাওয়ার্ডের, যিনি ২০১৪ সালে বেলজিয়ামের বিপক্ষে ১৬টি সেভ করেছিলেন। তবে নির্ধারিত ৯০ মিনিটে রুমের ১৫ সেভই এক অনন্য রেকর্ড।

ক্যানসাস সিটিতে ম্যাচের শুরু থেকেই চাপ তৈরি করে একুয়েডর। তৃতীয় মিনিটেই গোলের পরিষ্কার সুযোগ রুখে দেন রুম, এনার ভ্যালেন্সিয়ার শট ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন তিনি।

এরপর পুরো ম্যাচজুড়ে একের পর এক আক্রমণ সামলে যান এই গোলরক্ষক। কাছ থেকে নেওয়া অন্তত পাঁচটি হেডসহ বহু কঠিন শট তিনি ফিরিয়ে দেন।

ম্যাচে প্রায় ৭০ শতাংশ সময় বল ছিল একুয়েডরের দখলে। তারা ২৬টি শট নেয়, যার ১৫টি ছিল লক্ষ্যে। কিন্তু রুমের বীরত্বে সবই ব্যর্থ হয়।

ভৌগোলিকভাবে দক্ষিণ আমেরিকার কাছে হলেও কুরাসাও খেলছে কনক্যাকাফ অঞ্চলে। নেদারল্যান্ডস রাজ্যের অন্তর্ভুক্ত এই ছোট দ্বীপরাষ্ট্রটি এখন বিশ্বকাপের অন্যতম বিস্ময়।

ফিফা র‌্যাঙ্কিংয়ে ৮১ নম্বরে থাকা কুরাসাওয়ের এই ড্র তাদের জন্য শুধুই এক পয়েন্ট নয়—এটি এক টুকরো ইতিহাস।

অন্যদিকে, টানা দুই ম্যাচে গোল না পাওয়া একুয়েডরের জন্য এটি বড় ধাক্কা। প্রথম ম্যাচে তারা আইভরি কোস্টের বিপক্ষেও ১-০ গোলে হেরেছিল।

এই গ্রুপ থেকে জার্মানি ইতোমধ্যে শীর্ষস্থান নিশ্চিত করেছে। বাকি তিন দলের কেউই এখনও আনুষ্ঠানিকভাবে বাদ পড়েনি, তবে টিকে থাকতে শেষ ম্যাচে জয়ই একমাত্র পথ।

শেষ ম্যাচে একুয়েডরের প্রতিপক্ষ জার্মানি। আর কুরাসাও মুখোমুখি হবে আইভরি কোস্টের।

বাংলাদেশ জার্নাল/এনএম

  • সর্বশেষ
  • পঠিত