ঢাকা, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ আপডেট : ৬ মিনিট আগে
শিরোনাম

ইংল্যান্ডকে রুখে দিল ঘানা

  ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ : ২৪ জুন ২০২৬, ০৭:৪৫

ইংল্যান্ডকে রুখে দিল ঘানা
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের ‘এল’ গ্রুপে ঘানার বিপক্ষে জয় তুলে নেওয়ার লক্ষ্য নিয়ে মাঠে নেমেছিল ইংল্যান্ড। তবে দীর্ঘ সময় বল দখলে রেখেও প্রতিপক্ষের জমাট রক্ষণ ভাঙতে পারেনি তারা। ফলে মঙ্গলবার বস্টন স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটি গোলশূন্য ড্রয়ে শেষ হয়েছে।

দুই ম্যাচ শেষে ৪ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে শীর্ষে রয়েছে ইংল্যান্ড। সমান পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে ঘানা। অন্যদিকে এক ম্যাচ করে খেলেও এখনও পয়েন্টের দেখা পায়নি পানামা ও ক্রোয়েশিয়া।

ম্যাচে প্রায় ৭৯ শতাংশ সময় বল নিজেদের নিয়ন্ত্রণে রাখে ইংল্যান্ড। গোলের জন্য তারা মোট ১৯টি শট নেয়, তবে লক্ষ্যে রাখতে পারে মাত্র তিনটি। ঘানার গোলরক্ষককে খুব বেশি কঠিন পরীক্ষার মুখেও ফেলতে পারেনি তারা। অন্যদিকে ঘানা পুরো ম্যাচে দুটি শট নেয়, যার একটি ছিল লক্ষ্যে।

এদিন মাঠে নেমে নতুন এক রেকর্ড গড়েন জুড বেলিংহ্যাম। ২২ বছর ৩৫৯ দিন বয়সে ইংল্যান্ডের হয়ে ৫০তম ম্যাচ খেলেন তিনি। এর মাধ্যমে তিনি ভেঙে দেন ওয়েইন রুনির সর্বকনিষ্ঠ বয়সে ৫০ ম্যাচ খেলার রেকর্ড। রুনি এই মাইলফলকে পৌঁছেছিলেন ২৩ বছর ১৫৯ দিন বয়সে।

ম্যাচের শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ নিজেদের কাছে রাখে ইংল্যান্ড। প্রথম ম্যাচে ক্রোয়েশিয়াকে ৪-২ গোলে হারিয়ে আত্মবিশ্বাসী দলটি আক্রমণের পর আক্রমণ চালালেও ঘানার রক্ষণভাগ ছিল দুর্ভেদ্য। হ্যারি কেইন, জুড বেলিংহ্যামসহ ইংল্যান্ডের আক্রমণভাগকে সফলভাবে আটকে রাখে আফ্রিকার দলটি।

প্রথমার্ধে খুব বেশি সুযোগ তৈরি করতে পারেনি ইংল্যান্ড। ডেক্লান রাইসের একটি ফ্রি-কিক ক্রসবারের ওপর দিয়ে চলে যায়। বিরতির ঠিক আগে কেইনের একটি প্রচেষ্টাও প্রতিহত হয়ে বাইরে চলে যায়।

প্রথমার্ধে গোলের জন্য ছয়টি শট নিয়েও একটিও লক্ষ্যে রাখতে পারেনি ইংল্যান্ড, যা তাদের আক্রমণভাগের ব্যর্থতাই তুলে ধরে।

বিরতির পর কিছুটা আক্রমণাত্মক হয়ে ওঠে ইংল্যান্ড। ৫৮তম মিনিটে অ্যান্থনি গর্ডনের দুর্বল শট সরাসরি ঘানার গোলরক্ষকের হাতে চলে যায়। সেটিই ছিল ম্যাচে ইংল্যান্ডের প্রথম লক্ষ্যে রাখা শট।

৬৯তম মিনিটে প্রায় ২৫ গজ দূর থেকে চেষ্টা করেন হ্যারি কেইন। তবে সেই শটও সহজেই সামাল দেন ঘানার গোলরক্ষক বেঞ্জামিন আসারে।

ম্যাচের শেষ দিকে চাপ আরও বাড়ায় ইংল্যান্ড। ৮৬তম মিনিটে বুকায়ো সাকার জোরালো শট অসাধারণ নৈপুণ্যে ঠেকিয়ে দেন আসারে। পরের মিনিটে গোলের খুব কাছাকাছি গিয়েও হতাশ হতে হয় ইংলিশদের। নিকো ও’রাইলির হেড ক্রসবারে লেগে ফিরে আসে। ফিরতি বলে কাছ থেকে সুযোগ পেয়েও লক্ষ্যভ্রষ্ট হন কেইন।

শেষ পর্যন্ত গোলশূন্য সমতায় শেষ হয় ম্যাচ। শেষ বাঁশি বাজার পর ঘানার কোচ কার্লোস কেইরস ও তার খেলোয়াড়দের উচ্ছ্বাসই বলে দিচ্ছিল, এই ড্র তাদের কাছে জয়ের সমান।

গ্রুপপর্বের শেষ ম্যাচে বাংলাদেশ সময় আগামী শনিবার রাত তিনটায় পানামার মুখোমুখি হবে ইংল্যান্ড। একই সময়ে ক্রোয়েশিয়ার বিপক্ষে খেলবে ঘানা। দুই ম্যাচের ফলেই নির্ধারিত হবে ‘এল’ গ্রুপের চূড়ান্ত অবস্থান।

বাংলাদেশ জার্নাল/এনএম

  • সর্বশেষ
  • পঠিত