ছয় বিশ্বকাপে গোল করে রোনালদোর নতুন বিশ্বরেকর্ড
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ২৪ জুন ২০২৬, ০৭:৫৯ আপডেট : ২৪ জুন ২০২৬, ০৮:১৫

বিশ্ব ফুটবলের ইতিহাসে নিজের নাম আরও একবার স্বর্ণাক্ষরে লিখলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। উজবেকিস্তানের বিপক্ষে গোল করে প্রথম ফুটবলার হিসেবে ছয়টি ভিন্ন বিশ্বকাপে গোল করার অনন্য কীর্তি গড়েছেন পর্তুগালের অধিনায়ক।
হিউস্টনে মঙ্গলবার অনুষ্ঠিত ম্যাচের ষষ্ঠ মিনিটেই আসে সেই ঐতিহাসিক মুহূর্ত। ডান দিক থেকে জুয়াও কান্সেলোর বাড়ানো ক্রসে বক্সের ভেতরে প্রথম স্পর্শেই ভলিতে বল জালে পাঠান ৪১ বছর বয়সী রোনালদো। সঙ্গে সঙ্গেই ইতিহাসের পাতায় যুক্ত হয় তার নামের পাশে আরেকটি অনন্য রেকর্ড।
এবারের বিশ্বকাপে প্রথম ম্যাচে ডিআর কঙ্গোর বিপক্ষে ১-১ গোলে ড্র করেছিল পর্তুগাল। সেই ম্যাচে একেবারেই নিজের ছায়া হয়ে ছিলেন রোনালদো। প্রত্যাশিত পারফরম্যান্স দিতে না পারায় ব্যাপক সমালোচনার মুখেও পড়তে হয়েছিল পাঁচবারের বর্ষসেরা এই ফুটবলারকে।
তবে উজবেকিস্তানের বিপক্ষে গোল করে সব সমালোচনার জবাবই যেন মাঠে দিয়েছেন তিনি। শুধু তাই নয়, বড় টুর্নামেন্টে পর্তুগালের হয়ে দীর্ঘদিনের গোলখরাও কাটিয়েছেন রোনালদো। বিশ্বকাপ ও ইউরো মিলিয়ে টানা ১০ ম্যাচ পর গোলের দেখা পেলেন তিনি।
উজবেকিস্তানের বিপক্ষে ম্যাচে রোনালদো বুঝিয়ে দিলেন—না, ফুরিয়ে যাওয়া নয়, তিনি বরং ফিরলেন!
সমালোচনার সুরে রোনালদোর ফুরিয়ে যাওয়ার প্রসঙ্গ ওঠার পর তাঁকে বাতিলের কাতারে ফেলে দেন অনেকেই। কিন্তু সবাই হয়তো ভুলে গিয়েছিলেন, কীভাবে ফিরতে হয়, কিংবদন্তিরা তা জানেন। হিউস্টনে উজবেকিস্তানের বিপক্ষে পর্তুগালের ৫-০ গোলের জয়ে যেমন জোড়া গোলে ফিরলেন রোনালদো।
বিশ্বকাপে এটি ছিল রোনালদোর ২৪তম ম্যাচ। এই ম্যাচে জোড়া গোলের মাধ্যমে বিশ্বকাপে তার মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ১০-এ।
বিশ্বকাপে তার গোলের যাত্রা শুরু হয় ২০০৬ সালে। সে আসরে ছয় ম্যাচে একটি গোল করেছিলেন তিনি। ২০১০ বিশ্বকাপে চার ম্যাচে একটি, ২০১৪ বিশ্বকাপে তিন ম্যাচে একটি, ২০১৮ বিশ্বকাপে চার ম্যাচে চারটি এবং ২০২২ বিশ্বকাপে পাঁচ ম্যাচে একটি গোল করেন পর্তুগিজ অধিনায়ক। এবার ২০২৬ বিশ্বকাপেও গোল করে ছয়টি ভিন্ন আসরে গোল করার বিরল রেকর্ড গড়লেন তিনি।
বিশ্বকাপের ভিন্ন পাঁচটি আসরে গোল করার কীর্তি রয়েছে আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসির। তবে এবার রোনালদো সেই অর্জনকে ছাড়িয়ে গেলেন। যদিও চলতি বিশ্বকাপে প্রথম দুই ম্যাচে পাঁচ গোল করে মিরোস্লাভ ক্লোসাকে পেছনে ফেলে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার আসনে উঠে গেছেন মেসি। তার বিশ্বকাপ গোলসংখ্যা এখন ১৮।
চলতি বিশ্বকাপে প্রথম ফুটবলার হিসেবে ছয়টি ভিন্ন বিশ্বকাপে খেলার কীর্তি গড়েছিলেন মেসি। কয়েক ঘণ্টা পর সেই তালিকায় দ্বিতীয় খেলোয়াড় হিসেবে যোগ দেন রোনালদো। তবে গোলের ক্ষেত্রে নতুন ইতিহাসের জন্ম দিলেন পর্তুগিজ মহাতারকাই।
বিশ্বকাপের মঞ্চে দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে ধারাবাহিক উপস্থিতি ও গোল করার এই কীর্তি রোনালদোকে নিয়ে গেছে অনন্য উচ্চতায়। আরেকবার প্রমাণ করলেন, বয়স শুধু একটি সংখ্যা; ইতিহাস গড়ার ক্ষুধা এখনও অটুট তার।
বাংলাদেশ জার্নাল/এনএম









